দোলের বিবাদের জের, মধ্যমগ্রামে ক্লাবে এলোপাথাড়ি গুলি
মধ্যমগ্রামে শ্যুট আউট, দোলের দিন বিবাদের জেরে ক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা, আতঙ্কিত এলাকাবাসী

রাতের অন্ধকারে মধ্যমগ্রামে চললো গুলি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত নটা নাগাদ মধ্যমগ্রামের আদর্শ পল্লী এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ,ওই এলাকার কিশোর সংঘ ক্লাবে ঢুকে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি রীতিমতো এলাকা জুড়ে তান্ডব চলে দীর্ঘক্ষণ ধরে। ঘটনার সূত্রপাত দোলের দিন রঙ খেলাকে কেন্দ্র করে। ওই এলাকার বাসিন্দা এক যুবকের বাড়িতে বহিরাগত কয়েকজন মদ্যপ অবস্থায় রঙ খেলতে আসলে তাদের সঙ্গে কিশোর সংঘ ক্লাবের কয়েকজন সদস্য-সদস্যদের বচসা এবং হাতাহাতি বাধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করে দেন। অভিযোগ, সেদিনের ঘটনার প্রতিশোধ নিতে এদিন রাতে ফের ওই বহিরাগতরা এলাকায় এসে তান্ডব চালানোর পাশাপাশি ক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। সেই সময়ে ক্লাবে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন, বরাত জোরে প্রাণে বেঁচে যান তারা। তবে ঘটনার পর থেকেই পলাতক এলাকার ওই যুবক, জানান কিশোর সংঘে ক্লাবের সদস্যরা
আচমকা গুলির শব্দ শুনে এলাকার বাসিন্দারা বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরেই ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ওই যুবকের বাড়ি ভাঙচুর চালায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। এলাকায় পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবী, তাদের এলাকায় এর আগে কোনোদিনও এধরনের ঘটনা ঘটেনি। রাতবিরেতে কাজ থেকে বাড়ি ফেরেন তারা। প্রশাসন এই ঘটনার দ্রুত তদন্ত করে তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করুক।



