ফের উড়িষ্যায় নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক,উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবার
বাংলায় কথা বলায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়, উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক
ফের উড়িষ্যায় কাজে গিয়ে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক এবং আবারো বাংলা কথা বলার কারনে পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠেছে। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ নুর ইসলাম উড়িষ্যার অনুকূলে কাজে গিয়েছিলেন। নিখোঁজ শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, হাওড়া জেলার এক ঠিকাদারের সাথে সেখানে কাজে গিয়েছিলেন শেখ নুর ইসলাম। এদিন বাসে চেপে একটি সাইট থেকে অন্য একটি কাজের সাইটে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাংলায় কথা বলায় তাকে কয়েকজন দুষ্কৃতি বাস থেকে নামিয়ে নেয়। আর তারপর থেকেই প্রায় সাত দিন নিখোঁজ শেখ নুর ইসলাম নামের বছর ৩৬`র ওই যুবক। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের বাবা আমিরুলের অভিযোগ, এই ঘটনায় উড়িষ্যার প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও প্রায় সাত দিন হয়ে গেল কোনরকম সহায়তা পাওয়া যায়নি। তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নুর ইসলামের পরিবারের মানুষজন সহ প্রতিবেশীরা। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে উড়িষ্যা সহ দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা উঠে আসছে খবরের শিরোনামে। বাংলায় কথা বলা অপরাধ বলে দাগিয়ে দিয়ে বেধড়ক মারধোরে মৃত্যুর ঘটনাও ঘটছে ভিনরাজ্যে বাঙালী পরিযায়ী শ্রমিকদের। একের পর এক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের শাসকদলের তরফে স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে। তারপরেও এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।


