দেশজুড়ে বাড়লো রান্নার গ্যাসের দাম,নতুন দাম কতো?
ফের মূল্যবৃদ্ধি, শনিবার থেকেই দেশজুড়ে এক ধাক্কায় বেড়ে গেলো ঘরোয়া ও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম,সিলিন্ডার প্রতি কত দাম বাড়লো ?
নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যে উত্তেজনা অর্থাৎ ইরান ও ইজ়রায়েল-আমেরিকা যুদ্ধ ( Iran- Israel Conflict) পরিস্থিতির আবহেই দেশজুড়ে বেড়ে গেলো রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে বাণিজ্যিক ও গৃহস্থের জন্য ব্যবহৃত ২ ধরণের গ্যাসের দামই এক ধাক্কায় বাড়লো। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে ৬০ টাকা। যার জেরে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার প্রতি দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। যার জেরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ১,৮৭৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ১,৯৯০ টাকা। ২টি ক্ষেত্রেই নতুন দাম কার্যকর হচ্ছে শনিবার থেকেই। উল্লেখ্য, দিন কয়েক আগেই গত ১লা মার্চ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৩১ টাকা। যদিও গৃহস্থালির গ্যাসের দামে অপরিবর্তিত ছিলো। তবে এবার একসাথে দুই ধরনের গ্যাসের দামই বাড়ল। সেই সঙ্গে ফিরে এলো আগের নিয়মও। পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে গৃহস্থেরা ২১ দিনে মাত্র একটিই সিলিন্ডার কিনতে পারবেন। তবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে হেঁসেলের বাজেট যে হারে বৃদ্ধি পেলো তাতে কপালে চিন্তার ভাঁজ আম জনতার।



