দেশ

হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু ১০ রোগীর, মর্মান্তিক ঘটনা ওড়িশায়

ভোর ৩টে নাগাদ আচমকাই আগুন ও ধোঁয়া দেখতে পান কর্তব্যরত হাসপাতালের কর্মীরা, খোঁজ করতে জানা যায় আগুন লেগেছে হাসপাতালের আইসিইউতে।

ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত্যু ১০ জন রোগীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে। জানা গেছে, এদিন ভোর ৩টে নাগাদ আচমকাই আগুন ও ধোঁয়া দেখতে পান কর্তব্যরত হাসপাতালের কর্মীরা, খোঁজ করতে জানা যায় আগুন লেগেছে হাসপাতালের আইসিইউতে। সঙ্গে সঙ্গেই কর্মীরা আইসিইউ থেকে রোগী সরানোর কাজ শুরু করে, বহু রোগীকে নিরাপদে বের করে আনতে পারলেও ১০ জন রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গেছিলো। জানা গেছে, আইসিইউ-এর ভিতরেই সাত জন রোগীর মৃত্যু হয়েছে এবংঅগ্নিস্থল থেকে  অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার সময় আরও তিন জন প্রাণ হারিয়েছেন। তবে, তীব্র ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে নাকি আগুনে ঝলসে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, এই বিষয়ে হাসপাতাল তরফে এখনও কিছুই জানানো হয়নি। প্রাথমিকভাবে হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেন এবং রোগীদের উদ্ধার করার কাজ শুরু করেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  দমকলবাহিনী। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, আগুনের লেলিহান শিখা থেকে রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের বহু কর্মচারী জখম হয়েছেন, তার মধ্যে প্রায় ১৫ জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যেই গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি, কথা বলেছেন রোগী এবং আহত হাসপাতাল কর্মীদের সাথে। তিনিই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

তবে, কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে ধন্দ সৃষ্টি হয়েছে যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসসিবি হাসপাতালের ট্রমা কেয়ারের আইসিইউ-তে শর্ট সার্কিট হয়ে সেখান থেকেই আগুন লেগেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *