ভোটার মুখে আচমকাই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস
নিজের পদ থেকে সরে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্তমানে তিনি দিল্লিতেই রয়েছেন, সেখানেই তিনি তার পদত্যাগ পত্র তুলে দেন রাষ্ট্রপতির হাতে এবং সূত্রের খবর রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা : ভোটার মুখে আচমকাই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্তমানে তিনি দিল্লিতেই রয়েছেন, সেখানেই তিনি তার পদত্যাগ পত্র তুলে দেন রাষ্ট্রপতির হাতে এবং সূত্রের খবর রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। ২০ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। বলেছেন, ‘‘আমরা দিল্লিতে আছি। রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দিয়েছেন।’’ লোকভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবন তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেছে।

রাজ্যপাল হিসেবে রাজ্যে আসার পর রাজ্য সরকারের সাথে সম্পর্ক মধুর ছিল, রাজভবনে বসন্ত পঞ্চমীর দিন বাংলা শেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অ -আ লেখার কথা ভুলে যান নি অনেকেই, কিন্তু সেই সুসম্পর্ক স্থায়ী হয় নি বেশী দিন। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাজভবনের সাথে মমতা ব্যানার্জী সরকারের সরাসরি সংঘাত চলে আসে প্রকাশ্যে। এমন কি SIR ইস্যুতেও মতের ভিন্নতা দেখা গেছে বোসের সাথে ব্যানার্জীর। এখন সি ভি আনন্দ বোসের পত্যাগের পর রাজভবনের সাথে নবান্নের সম্পর্ক কি দাঁড়ায়, দেখার সেটাই। জানা গেছে, বোসের ইস্তফার পর অস্থায়ী ভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। ঠিক বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের নজিরবিহীন পদত্যাগ রাজনৈতিক ভাবে কোন ইঙ্গিত দিচ্ছে, তার দিকে নজর থাকবে সবার।



