ভয়াবহ অগ্নিকান্ড দিল্লীতে, শিশু সহ মৃত ৯
দিল্লীর পালাম এলাকার বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড, ৩ শিশু সহ অন্তত ৯ জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লীতে। ভস্মীভূত একটি পাঁচতলা বাড়ি। মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ অন্তত ৯ জনের। দমকল সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার ১টি বহুতলে এদিন আচমকা আগুন লেগে যায়। প্রচুর পরিমানে দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় বিধ্বংসী রূপ ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায়। কালো ধোঁয়ায় ঢেকে গোটা এলাকা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ওই বহুতলের ঘরের ভিতরে আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তাদের উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে, তাঁদের মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল বাহিনীর আধিকারিকেরা।


