কলকাতার পাশাপাশি ব্যারাকপুর ও তমলুক হেড পোস্ট অফিসেও বোমাতঙ্ক
একাধিক জেলার পোস্ট অফিসেও বোমা বিস্ফোরণের হুমকী ইমেল,ব্যারাকপুর হেড পোস্ট অফিসে পুলিশী তল্লাশী,কর্মীরা অফিসের বাইরে বেরিয়ে আসেন
রাজ্যের বিভিন্ন আদালতের পর এবার নজরে পোস্ট অফিস। এদিন রাজ্যের একাধিক পোস্ট অফিসের সাথে সাথে বোমাতঙ্ক ছড়ালো ব্যারাকপুর হেড পোস্ট অফিসেও। জানা গেছে,এদিন সকালবেলা কাজে যোগ দিতে এসে ব্যারাকপুরে হেডপোস্ট অফিসের আধিকারিকের তরফ থেকে সকল কর্মীদের অফিস বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে যাওয়ার কথা জানানো হয়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে না পেরে কর্মীরা হকচকিয়ে যান। কিছুক্ষনের মধ্যেই ইমেইল মারফত বোমাতঙ্কের হুমকীর খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ায় পোস্টাফিসের কর্মীদের মধ্যে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারা। বোমাতঙ্কের হুমকীর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডও। পুরো পোস্ট অফিস চত্বর তল্লাশী অভিযান চালায় পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রপ্রদন ঝা জানান, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। ব্যারাকপুর হেড পোস্ট অফিসে কোন ইমেইল আসেনি। বোমাতঙ্কের ইমেইল পৌঁছয় কলকাতার হেড পোস্ট অফিসে। যেহেতু ব্যারাকপুরে পোস্ট অফিসে পাসপোর্ট আদান-প্রদান হয় তাই বাড়তি সতর্কতা হিসাবে পুলিশের তরফ থেকে এলাকাটিকে ঘিরে ফেলে তল্লাশী চালানো হচ্ছে। একই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকেও। তমলুক হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ানোর জেরে অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসেন পোস্ট অফিসের সমস্ত স্টাফ এবং এজেন্ট সহ উপভোক্তারাও। আর এই খবরে চাঞ্চল্য ছড়ায় সারা তমলুক শহর জুড়ে।



