কলকাতা

অনলাইন সাইটের রিভিউ দেন ? প্রতারকদের থেকে সাবধান !

গত তিন মাসে বাগুইআটি থানা এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনা সামনে আসে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ মোট ২ কোটি ২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। সেই অর্থের একটি বড় অংশ প্রতীকী চেকের মাধ্যমে প্রায় ৮৫ জন প্রতারিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা : সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের মুখে হাসি ফোটালো বাগুইআটি থানার পুলিশ। এদিন বাগুইআটি থানা এলাকার ৮৫ জন প্রতারিত ব্যক্তিদের তাদের খোয়া যাওয়া টাকার কিছু অংশ ফেরত দেওয়া হয়।সংশ্লিষ্ট এলাকার রঘুনাথপুর রয়্যাল গার্ডেন হলে আয়োজিত বিধাননগর পুলিশের এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বর্য সাগর তাদের হাতে প্রতীকী চেক তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসে বাগুইআটি থানা এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনা সামনে আসে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ মোট ২ কোটি ২ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। সেই অর্থের একটি বড় অংশ প্রতীকী চেকের মাধ্যমে প্রায় ৮৫ জন প্রতারিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশের এয়ারপোর্ট ডিভিশনের ডেপুটি কমিশনার ঐশ্বর্য সাগর, বাগুইআটি থানার আইসি অমিত কুমার মিত্র সহ ওই থানারই বিশাল পুলিশ বাহিনী। ডিজিটাল অ্যারেস্ট সহ নানানা ধরণের সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে হাজির হওয়া ব্যক্তিরা। আর তাদের মধ্যেই
একজন জানান, প্রায় দেড় বছর আগে তিনি সাইবার প্রতারণার শিকার হন। ইনস্টাগ্রাম ও ফেসবুকের মত জনপ্রিয় সমাজমাধ্যমে অনলাইন সাইটের রিভিউ দেওয়ার বিনিময়ে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে মেসেজ পাঠানো হয়। সেই ফাঁদে পড়েই তিনি প্রায় ৭০ হাজার টাকা হারান।পরবর্তীতে তিনি দ্রুত সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান এবং বাগুইআটি থানায় জিডি করেন। পুলিশের তৎপরতায় তিনি এখন পর্যন্ত ৪০ হাজার টাকা ফিরে পেয়েছেন।

প্রতারিতদের কাছে তাদের খোয়া যাওয়া টাকার কিছু অংশ ফেরত দেওয়ার পাশাপাশি সাধারণের মানুষদের সাইবার প্রতারণার বিষয়েও সচেতনতার পাঠ দিলেন পুলিশ কর্তারা। প্রতারকদের ফাঁদে পা দিলেও ভয় না পেয়ে সেই সময় কি কি করণীয় ? সেই প্রসঙ্গে সাধারণের উদ্দেশে বার্তা দিতে গিয়ে বিধাননগর পুলিশের এয়ারপোর্ট ডিভিশনের ডিসি ঐশ্বর্য সাগর জানালেন প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খোয়ালে প্রথমেই হেল্পলাইন নম্বর ১৯৩০-এ অভিযোগ জানাতে হবে আর তার পর স্থানীয় থানায় অবশই জিডি করতে হবে প্রতারিতকে। সবমিলিয়ে এদিনের অনুষ্ঠানে প্রতারিতদের মুখে যেমন ফিরলো খানিক স্বস্তির হাসি তেমনি সাধারণ মানুষকে আবারো সাইবার প্রতারণা সম্পর্কে সাবধান করলেন উর্দিধারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *