গোলপার্ক গুলি কাণ্ডে মূল অভিযুক্ত সোনা পাপ্পুর বাড়িতে ইডি হানা
বুধবার সকালে গোলপার্ক গুলি কাণ্ডে মূল অভিযুক্ত সোনা পাপ্পুর বাড়ি সহ কলকাতার একাধিক জায়গায় ইডি হানা
নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহেই ইডি হানার ঘটনা ঘটলো শহর কলকাতায়। বুধবার সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, সাথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। তার মধ্যে একটি হলো দক্ষিণ কলকাতার কসবার নির্মাণ ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিলাসবহুল বাড়িতে। বালিগঞ্জ এলাকার ‘ত্রাস’, দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের ঘনিষ্ঠ সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ, নির্মাণকাজের নামে কোটি কোটি টাকা তুলে সেই টাকা পৌঁছে দিতেন প্রভাবশালীদের কাছে। এছাড়াও তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। কিছুদিন আগেই গোলপার্কের কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে গুলি চালানোর অভিযোগ উঠেছিলো। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সোনা পাপ্পুর নাম উঠে এলেও এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি। দিনের পর দিন ওই এলাকায় সিন্ডিকেটরাজ সহ দাদাগিরি চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। এই ঘটনার পর বুধবার সকালে সোনা পাপ্পুর বাড়ি সহ বালিগঞ্জের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



