কলকাতা

নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পরেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন,বদল রাজ্যের DG, কলকাতার CPকেও

অভূতপূর্ব ভাবে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন,অপসারিত ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

নিজস্ব সংবাদদাতা : রবিবাসরীয় বিকেলে রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক শীর্ষ স্তরে বদল আনল নির্বাচন কমিশন(Election Commission), যা অভূতপূর্ব। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তীকে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো জগদীশ প্রসাদ মীনাকেও। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তাঁরা। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে তাঁর জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে দুষ্মন্ত নারিওয়ালাকে, তিনি ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক। পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষ অফিসার দুষ্মন্ত নারিওয়ালা আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন, সামলেছেন বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে তাঁর জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে, তিনি ১৯৯৭ ব্যাচের আইএএস আধিকারিক। দীর্ঘ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই আধিকারিক রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, ছিলেন নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব। রাজ্যের নারী-শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক দায়িত্বভার সামলাতেন। নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে। ১৬ মার্চ অর্থাৎ সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁদের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের অব্যাহতি পরেই রাজ্যের দুই শীর্ষ আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি (DG)এবং কলকাতার পুলিশ কমিশনারকেও (CP)অপসারিত করলো নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজি (DG) নিয়োগ করা হয়েছে সিদ্ধনাথ গুপ্তাকে, তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারের (CP) পদ থেকে সুপ্রতিম সরকারকে অপসারিত করে তাঁর জায়গায় নিয়োগ করা হয়েছে অজয় কুমার নন্দাকে, তিনি ১৯৯৬ ব্যাচের আইপিএস। এছাড়াও রাজ্য পুলিশের এডিজি (ADG) (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও বদল করা হয়েছে। ADG(আইনশৃঙ্খলা) পদ থেকে বিনীত গোয়েলকে অপসারিত করে নতুন এডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে, তিনি ১৯৯৫ ব্যাচের আইপিএস। ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে ১৯৯১ ব্যাচের আইপিএস নটরাজন রমেশ বাবুকে। উল্লেখ্য, রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলার বিধানসভা নির্বাচন হচ্ছে ২দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে। ভোটের ৫টি রাজ্যেরই ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *