কলকাতা

দ্বিতীয়বার টিকিট পেলেন না কাঞ্চন, মনখারাপের আবহে কি বললেন তিনি ?

কাঞ্চন নিজেই বারংবার জড়িয়েছেন বিতর্কে। বিধানসভায় অনুপস্থিতি থেকে বিধায়ক তহবিল থেকে হাসপাতালের বিশাল অংকের টাকা মেটানো, নানান সময় নিজেই নিজেকে বিতর্কের মধ্যে জড়িয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এইসব কারণ কিছুটা হলেও ইমপ্যাক্ট ফেলেছে কাঞ্চনের টিকিট পাওয়ার ক্ষেত্রে। 

৭ এ নিউজ ডেস্ক : নবীন-প্রবীনের মিশেলে চলতি ভোটের মরশুমে এক অনবদ্য প্রার্থীতালিকা প্রকাশ করেছে মমতা-অভিষেক। একদিকে যেমন দ্বিতীয়বারের জন্য টিকিট পেলেন রাজ চক্রবর্তী, অদিতি মুন্সী থেকে সোহম চক্রবর্তীরা অন্যদিকে পরবর্তী প্রজন্মকে সামনে এগিয়ে দিতে বাদ পড়েছেন বেশ কয়েকজন প্রবীণ বহুবারের বিধায়কও। কিন্তু যে মানুষটির কথা না বললেই নয় তিনি হলেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক। দ্বিতীয়বারের জন্য টিকিট পেলেননা তিনি। কিন্তু কেন ? এই প্রশ্নের উত্তর দিতে হলে নজর রাখতেই হবে বিগত কটা বছর ও উত্তরপাড়ার দিকে।

উত্তরপাড়ার মাটিতে কান পাতলেই শোনা যাবে, বিগত ৫ বছরে হাতে গোনা কটা দিন ছাড়া এই গঙ্গানগরীতে দেখা যায়নি কাঞ্চনকে। ওই অঞ্চলের বিরোধীদের মুখে তো বটেই কাঞ্চনের এই অনুপস্থিতির কাহিনী শোনা গেছে তৃণমূলের কর্মীদের থেকে। শুধু তাই নয়, স্থানীয় কাউন্সিলর এবং নেতাদের কাছেও কখনোই তেমন গ্রহণযোগ্যতা পাননি তিনি, বরং তারাও ক্ষুব্ধ ছিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের ওপরে।  তবে শুধু দলীয় সংঘাতই নয় কাঞ্চন নিজেই বারংবার জড়িয়েছেন বিতর্কে। বিধানসভায় অনুপস্থিতি থেকে বিধায়ক তহবিল থেকে হাসপাতালের বিশাল অংকের টাকা মেটানো, নানান সময় নিজেই নিজেকে বিতর্কের মধ্যে জড়িয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এইসব কারণ কিছুটা হলেও ইমপ্যাক্ট ফেলেছে কাঞ্চনের টিকিট পাওয়ার ক্ষেত্রে।

টিকিট না পেয়ে কি মন খারাপ কাঞ্চনের? তিনিও কি হাঁটতে চলেছেন খগেশ্বের রায় ,অসিত মজুমদারের পথে ? এইসব জল্পনার মাঝেই মুখ খুললেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক। আগে থেকেই আভাস পেয়েছিলেন এমনকি দল তরফে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, ২০২৬’র  বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেননা তিনি, এমনটাই জানালেন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি আরও জানান, কে কখন টিকিট পাবে সেটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। ইতিমধ্যেই দলীয় শীর্ষ নেতৃত্বের সাথেও কাঞ্চনের কথা হয়েছে। সবশেষে কাঞ্চনের মুখে শোনা গেলো, ‘টিকিট না পেলেও দলের কর্মী হিসেবে দিদির পাশে ছিলাম, আছি, থাকব।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *