পার্লারে ঢুকে মহিলাকে খুন প্রেমিকের ! আত্মঘাতী অভিযুক্তও , তদন্তে পুলিশ
দিনেদুপুরে গড়িয়ায় পার্লারে ঢুকে মহিলাকে খুনের অভিযোগ উঠলো তাঁর প্রেমিকের বিরুদ্ধে, আত্মঘাতী অভিযুক্ত যুবকও। ইতিমধ্যেই মৃত দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জারি রয়েছে তদন্ত।
নিজস্ব সংবাদদাতা : দিনেদুপুরে গড়িয়ায় (Garia) পার্লারে ঢুকে মহিলাকে খুন করার অভিযোগ উঠলো তাঁর প্রেমিকের বিরুদ্ধেই।সেই সঙ্গে আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত প্রেমিকও।জানা গিয়েছে মৃতার নাম রুপবানী দাস ওরফে পম্পা, বয়স আনুমানিক ৪৯ বছর। তিনিই ওই পার্লারটির কর্ণধার ছিলেন।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, অন্যান্য দিনের মতো এদিনও পম্পা দেবীকে পার্লারে ছাড়তে আসেন তার স্বামী অনুপ কুমার দাস। স্থানীয় সূত্রে খবর, বেলার দিকে এক যুবক পার্লারের ভিতরে প্রবেশ করেন। আর তিনি পার্লারে ঢোকার কিছুক্ষণ পরেই তীব্র চিৎকার – চেঁচামেচির শব্দ শোনা যায়। অবস্থা বেগতিক বুঝে খবর দেওয়া হয় পম্পা দেবীর স্বামীকে। তবে শেষ রক্ষা আর হয় না। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে স্ত্রীর কর্মক্ষেত্রে পৌঁছে কার্যত হতবাক হয়ে যান অনুপ বাবু। পার্লারের মেঝেতে পড়ে থাকতে দেখেন পম্পা দেবীর নিথর দেহ।সেই সঙ্গে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয় অভিযুক্ত যুবককে। তবে পরবর্তীতে মৃত্যু হয় তারও। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী যুবক আদতে কাশ্মীরের বাসিন্দা। রূপবাণী দেবীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। আর সেই সম্পর্কে টানাপোড়েনের জেরেই এদিন পার্লারের মধ্যে রক্তারক্তি কান্ড ঘটেছে বলে অনুমান তদন্তকারীদের। দিনেদুপুরে এ হেন মারাত্মক ঘটনা ঘটায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।



