কলকাতা

মেলেনি স্ট্রেচার, শৌচালয়ে যাওয়ার পথেই মৃত্যু গুরুতর অসুস্থ রোগীর, উত্তাল আরজি কর

। বারংবার অনুরোধের পরেও অত্যন্ত অসুস্থ রোগীর জন্য মেলেনি স্ট্রেচার, বাধ্য হয়েই পরিবারের লোকজন হাঁটিয়ে নিয়ে যেতে গিয়েই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, তড়িঘড়ি বেডে এনে চিকিৎসকদের খবর দিলে চিকিৎসকেরা বিশ্বজিৎবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

৭এ নিউজ ডেস্ক :  দুদিনের মধ্যেই আবারও অব্যবস্থার কারণে রোগীমৃত্যু আরজি করে, চিকিৎসা করতে এসে স্ট্রেচার না পেয়ে মৃত্যু এক প্রৌঢ়ের। পরিবার সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট ও নাক থেকে রক্ত পড়ার সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য আরজি করে নিয়ে আসা হয়েছিল নিমতার বাসিন্দা বছর ৬০ এর বিশ্বজিৎ সামন্তকে। প্রাথমিক চিকিৎসার পর নাক দিয়ে রক্ত পড়া কমলে কিছুটা সুস্থ বোধ করলেও শ্বাসকষ্ট কমেনি ওই প্রৌঢ়ের, সেই অবস্থায় শৌচালয় যেতে চান তিনি কিন্তু অভিযোগ আরজিকর ট্রমা কেয়ার বিল্ডিংয়ের যে অংশে তার চিকিৎসা চলছিল সেখানে কোনো শৌচালয়ের ব্যবস্থা ছিলোনা। হাসপাতাল তরফে জানানো হয়, রোগীকে বাইরে নিয়ে গিয়ে শৌচকর্ম করিয়ে আনতে, কিন্তু কোনোরকম স্ট্রেচারের ব্যবস্থা করা হয়নি। বারংবার অনুরোধের পরেও অত্যন্ত অসুস্থ রোগীর জন্য মেলেনি স্ট্রেচার, বাধ্য হয়েই পরিবারের লোকজন হাঁটিয়ে নিয়ে যেতে গিয়েই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, তড়িঘড়ি বেডে এনে চিকিৎসকদের খবর দিলে চিকিৎসকেরা বিশ্বজিৎবাবুকে মৃত বলে ঘোষণা করেন। আর এই মর্মান্তিক ঘটনার পর মৃতের পরিবার ক্ষোভ উগরে দেন হাসপাতাল কতৃপক্ষের প্রতি।

ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, যদিও চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদযন্ত্র বিকল হয়েই মারা গেছেন বিশ্বজিৎবাবু তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টালা থানার পুলিশ। এই বিষয়ে মুখ খুলেছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, তিনি শৌচালয় না থাকার বিষয়টিকে অস্বীকার করে জানান, ট্রমা কেয়ার বিল্ডিংয়ে শৌচালয় নেই তা বিশ্বাসযোগ্য নয়। তবে, হাসপাতাল সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় শৌচাগার প্রসঙ্গে বলেন, অবশ্যই আরও শৌচালয় প্রয়োজন। এই শৌচাগার কাণ্ডের জেরেই গত শুক্রবার ভোরে আরজি করের এই ট্রমা কেয়ার ভবনের লিফ্‌টে আটকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। আজ, সোমবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই দুই মৃত্যু নিয়েই আলোচনা হবে এমনটাই জানা যাচ্ছে।

বেহাল ব্যবস্থার কারণে বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে শহর কলকাতার ‘অন্যতম শ্রেষ্ঠ’ মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজি কর, তাও হুঁশ ফিরছেনা কারুর।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *