কলকাতা

রত্না দেবনাথ বাড়তি সুবিধা পাবে না,অনেক ভোটে তীর্থঙ্কর জিতবে-নির্মল ঘোষ

পানিহাটীতে লড়াইয়ের ময়দানে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন না নির্মল ঘোষ, তিনি বিশ্বাস করেন পানিহাটীর মানুষ বাস্তবতা দেখবে, অনেক ভোটে তীর্থঙ্কর জিতবে

নিজস্ব সংবাদদাতা : অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যের যে বিধানসভা কেন্দ্রটি সকলের নজরের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হলো ভবানীপুর। হাই-প্রোফাইল এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২৬`র নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, ভবানীপুরের পাশাপাশি এবারের নির্বাচনে পানিহাটী বিধানসভা কেন্দ্রটিও অত্যন্ত নজরকাড়া এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত SIR`র ধাক্কায় পানিহাটীতে মোট ভোটারের সংখ্যা কমেছে অনেকটাই। আর দ্বিতীয়তঃ এবার এই আসনে তৃণমূল কংগ্রেস-সিপিআইএম-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। যে অভয়া কান্ড নিয়ে তোলপাড় হয়ে উঠেছিলো গোটা বিশ্ব, ঘটনাচক্রে পানিহাটীর বাসিন্দা সেই অভয়ার মা রত্না দেবনাথকেই এবার প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে প্রথম দিন থেকেই অভয়া কাণ্ডে মুখর হয়ে ওঠা প্রতিবাদীদের অন্যতম একজন কলতান দাসগুপ্ত এবার পানিহাটীর সিপিআইএম প্রার্থী। আর অভয়া কাণ্ডের বিতর্কে যার নাম জড়িয়ে পড়েছিল পানিহাটীর সেই ৫ বারের বিধায়ক নির্মল ঘোষের পরিবর্তে তৃণমূল প্রার্থী নির্বাচিত করেছে তারই উত্তরসূরী তীর্থঙ্কর ঘোষকে।

বিজেপি প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম ঘোষণার অনেক আগেই সিপিআইএম এবং তৃণমূল প্রার্থী নির্বাচিত হওয়ায় প্রচারে অনেকটাই এগিয়ে কলতান এবং তীর্থঙ্কর। আর ভূমিপুত্র হওয়ার সুবাদে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ দিনরাত এক করে অলিতে-গলিতে বাড়ি বাড়ি ঘুরে জন সংযোগের পাশাপাশি জনসভার মাধ্যমেও প্রচার করে চলেছেন তার চেনা পানিহাটী জুড়ে। আর জনসভা হোক কিংবা প্রচার যাত্রা ভোটের লড়াইয়ে তীর্থঙ্কর ঘোষের পথ মসৃন করতে একজন পোড় খাওয়া রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তার পথ প্রদর্শকের ভূমিকা পালন করছেন নির্মল ঘোষ। এদিন তীর্থঙ্কর ঘোষের সমর্থনে পানিহাটীর ৩৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, নির্মল ঘোষ, পৌরপ্রধান সোমনাথ দে,তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তন্দ্রা ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। তবে,পানিহাটীতে নির্বাচনী লড়াইয়ের ময়দানে বিজেপি প্রার্থী হিসেবে রত্না দেবনাথ বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন না নির্মল ঘোষ, তিনি বিশ্বাস করেন পানিহাটীর মানুষ বাস্তবতা দেখবে, অনেক ভোটে তীর্থঙ্কর জিতবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *