ভোটের আবহে খাস কলকাতায় শুটআউট! মৃত ১ TMC কর্মী , দুষ্কৃতীরাজ নাকি রাজনৈতিক সন্ত্রাস ?
এদিন বন্ধু জিতের ডাকে তাঁর ফ্ল্যাটে যান রাহুল। অন্যদিকে জিতের পরিবারের দাবি, এদিন রাত সাড়ে ১২ টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের ফ্ল্যাটে ঢুকে একেবারে সটান চলে যায় ছাদে। সেখানে উত্তপ্ত বাকি বিনিময়ের মাঝেই গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা বলে অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে খাস কলকাতায় (Kolkata) শুটআউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের।স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক রাহুল দে তৃণমূল কর্মী (TMC) ছিলেন। পাশাপাশি গুলির আঘাতে জখম হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামের আরও ১ যুবক। এদিন মধ্যরাতে এই প্রাণঘাতী ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায়।
মৃতের পরিবার সূত্রে খবর, এদিন বন্ধু জিতের ডাকে তাঁর ফ্ল্যাটে যান রাহুল। অন্যদিকে জিতের পরিবারের দাবি, এদিন রাত সাড়ে ১২ টা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের ফ্ল্যাটে ঢুকে একেবারে সটান চলে যায় ছাদে। প্রসঙ্গত সেখানেই রাহুল ও জিৎ দুই বন্ধু মিলে মদ্যপান করছিলেন।আর ছাদে উঠেই চলে জোর তর্কাতর্কি। তার মাঝেই দুষ্কৃতীরা আচমকাই গুলি চালাতে থাকে বলে অভিযোগ। গুলির শব্দ পেয়ে এলাকার বাসিন্দারাই তড়িঘড়ি খবর দেন পাটুলি থানায়। পুলিশ এসে চারতলার আবাসনের ছাদ থেকে দুই বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয় না। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রাণে বেঁচে গিয়েছেন জিৎ মুখোপাধ্যায়। আপাতত স্থিতিশীলও রয়েছে তাঁর শারীরিক পরিস্থিতি। ইতিমধ্যেই আবাসনের ছাদে মধ্যরাতে গুলি চালানোর ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম দীপ রায়, বিধান ব্যানার্জী, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। প্রাথমিকভাবে পুলিশের জানতে পেরেছে জুয়ার টাকা ভাগ- বাঁটোয়ারা নিয়ে বচসার জেরেই বেঘোরে প্রাণ হারিয়েছেন রাহুল। অন্যদিকে চার অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। শুরু হয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদ পর্ব।
স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল করতেন। তবে কি খুনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ ? মধ্যরাতে খাস কলকাতায় একটি আবাসনে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালিয়ে কিভাবে আবার নিরাপদে বেরিয়ে গেলো? কিভাবেই বা দুষ্কৃতীরা ঢুকেছিলো আবাসনে ? সবদিক খতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ।



