ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, এবার কোথায়?
বেলঘরিয়া সিসিআর ব্রীজের কাছে লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, অসাবধানতাতেই কি অকাল মৃত্যু?
ফের ঘটলো ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা। এবারের ঘটনাস্থল বেলঘরিয়ার (Belgharia) সিসিআর ব্রিজের নিকটবর্তী এলাকা। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলঘরিয়া ও দমদম স্টেশনের (Dumdum Station) মাঝে বেলঘরিয়া সিসিআর ব্রিজের কাছে ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় প্রাণ হারান এক মহিলা। অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়েই বেঘোরে মৃত্যু হয়েছে ওই মহিলার বলে প্রাথমিকভাবে অনুমান। অন্যদিকে এদিন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই রেল পুলিশের (Rail Police) তরফে মৃতার দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসেই হেডফোন কানে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় সোদপুরের (Sodepur) এক যুবতী। এবার আবারও সেই ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হলো এক মহিলার। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মহিলার নাম পরিচয় জানা যায়নি।


