Dhurandhar 2: বিনা অনুমতিতে ড্রোন উড়িয়ে সংবেদনশীল এলাকায় শ্যুটিং! আইনি জটে ‘ধুরন্ধর ২’

এই সিনেমার প্রথমভাগ বক্সঅফিসে প্রভাব ফেলেছিল যথেষ্ট, দর্শকদের ভালবাসা ও পেয়েছিল। আর ইতিমধ্যেই এই সিনেমার দ্বিতীয়ভাগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। আর সেই সিনেমার শ্যুটিং করতে গিয়েই তৈরি হল আইনি জট! সমস্যায় ‘ধুরন্ধর ২’ (Dhurandhan 2)। রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত এই সিনেমার দ্বিতীয় ঝলক মুক্তি পেয়েছে সম্প্রতিই। আর তারপরেই শুরু হয়েছে সমস্যা। অভিযোগ, এই সিনেমার জন্য ড্রোন উড়িয়ে সংবেদনশীল এলাকায় শ্যুটিং করা হয়েছে। শ্যুটিং করার আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণে, সিনেমার ‘লোকেশন ম্যানেজার’-এর নামে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশের তরফে অভিযোগ, সঠিক অনুমোদন না নিয়ে, মুম্বইয়ের ফোর্ট এলাকায় ড্রোন উড়িয়ে শ্যুটিং করা হয়েছে। এই ছবির ‘লোকেশন ম্যানেজার’, রিঙ্কু রাজপাল বাল্মিকীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আইনি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ছবির শ্যুটিং চলাকালীনই বিষয়টি পুলিশের নজরে আসে। মুম্বইয়ের ফোর্ট এলাকায় অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে একেবারেই শ্যুটিং করা যায় না। এই শ্যুটিং করার সময়, ওখানে সঞ্জয় দত্ত ছাড়া ছবির অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। প্রত্যেক ৩০ জানুয়ারি থেকে ফোর্ট এলাকাকে বিশেষ ভাবে সাজানো হয়। এই বছর, পাকিস্তানের পুরনো রাস্তার আদলে সাজিয়ে তোলা হয়েছিল সেই এলাকা। কিন্তু ১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে ড্রোনটি নাকি ঢুকে পড়ে সংবেদনশীল এলাকায়। সেই কারণেই এই অভিযোগ দায়ের করা হয়েছে।
‘ধুরন্ধর ২’-এর যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে কেবলমাত্র রণবীরকেই দেখা গিয়েছে। এক ঝলক, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও মাধবনকেও দেখা গিয়েছে। এই ছবিতে অর্জুন রামপালের বিপরীতে দেখা যাবে ‘হামজা়’ অর্থাৎ রণবীরকে। ফ্ল্যাশব্যাকে ফিরিয়ে আনা হবে অক্ষয় খান্নাকেও। ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা এই সিনেমা। প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ ছবিটিও আইনি সমস্যায় জড়িয়েছিল। পশ্চিম এশিয়ার দেশগুলিতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল পরিচালক আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’। ছবিটি মুক্তি পায়নি একাধিক জায়গাতেই। কিন্তু কেন? পাকিস্তানকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, এই কারণে, আরব আমিরশাহী, কুয়েত, কাতার, ওমান ও সৌদি আরবে দেখানো হচ্ছে না ‘ধুরন্ধর’। আর এই জট কাটাতেই এবার নরেন্দ্র মোদি (Narendra Modi)-র দ্বারস্থ হয়েছিলেন, ইমপা-র (দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন) প্রযোজকেরা।
Published at : 04 Feb 2026 08:11 PM (IST)




