বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরে নতুন এসপি। হাওড়া, ব্যারাকপুর সহ মোট ২৩টি রদবদল রাজ্য পুলিশে। ব্যারাকপুরে ডিসি সাউথের দায়িত্বে আসছেন কোচবিহারের প্রাক্তন এসপি
ফের রাজ্য পুলিশে বড়োসড়ো রদবদল,ব্যারাকপুরে ডিসি সাউথের দায়িত্ব সামলাবেন কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারো রদবদল রাজ্য পুলিশে। গত ২৭ নভেম্বরের পর ফের রাজ্য পুলিশে রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বে এলেন পারিজাত বিশ্বাস। তার আগে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সৌম্যদীপ ভট্টাচার্য। কিন্তু তিনি বাঁকুড়ার এসপি হয়ে বদলি হবার পর পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কাজ করছিলেন মিতুন দে। এবার তাকে বদলি করা হলো জিআরপি খড়গপুর ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার পদে। ব্যারাকপুরের ডিসি (নর্থ)গণেশ বিশ্বাসকে বদলি করা হয়েছে হাওড়ার ডিসি (সাউথ) পদে। আর হাওড়ার ডিসি (ট্রাফিক) পদ থেকে অসীম খানকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের ডিসি (নর্থ) পদে। অন্যদিকে ব্যারাকপুরের ডিসি (সাউথ) অনুপম সিংকে বদলি করা হয়েছে হাওড়ার ডিসি (ট্রাফিক) পদে। আর ব্যারাকপুরের ডিসি (সাউথ) পদে বদলি করা হয়েছে কোচবিহারের প্রাক্তন এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে। ব্যারাকপুরের ডিসি (এসবি) পদে ছিলেন জয় টুডু। তাকে হোম গার্ড অর্গানাইজ়েশনের সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এই পদ থেকে ব্যারাকপুরের ডিসি (এসবি) করা হয়েছে পাপিয়া সুলতানাকে। রদবদল করা হয়েছে উত্তরবঙ্গ সহ অন্যান্য বিভিন্ন জেলাতেও যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।


