news

শিল্পাঞ্চলে বেহাল জুট শিল্প, ফের বিক্ষোভে শামিল শ্রমিকেরা

উত্তর ২৪ পরগণার একাধিক বন্ধ জুটমিল খোলার দাবিতে গার্গী চ্যাটার্জির নেতৃত্বে পথে একাধিক শ্রমিক সংগঠন, ব্যারাকপুরে যুগ্ম শ্রম মহাধ্যক্ষের দপ্তরে ডেপুটেশন জমা আন্দোলনকারীদের

ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে বেহাল জুট শিল্প! ভোটের আগে শ্রমিক সংগঠনের বিক্ষোভে ফের অশান্ত শহরতলি। আর সেই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করলেন সিটু অর্থাৎ Centre of Indian Trade Unions’র নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত এদিন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বন্ধ হয়ে যাওয়া একাধিক জুটমিল খোলার দাবিতে ব্যারাকপুরে জয়েন্ট লেবার কমিশনার অফিসের সামনে বিক্ষোভ দেখায় মোট ৯ টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। সেই সঙ্গে এদিন কমিশনার অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিও ছিল তাদের। আর তাই সিটু (CITU) নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ব্যারাকপুর শশীভূষণ ঘোষ রোড ও ফিডার রোড সংযোগস্থল থেকে শুরু হয়ে যুগ্ম শ্রম মহাধ্যক্ষের দপ্তর পর্যন্ত আয়োজিত হয় একটি প্রতিবাদ মিছিল। অবিলম্বে কাঁকিনাড়া, লুমটেক্স, প্রবর্তকের মতো একাধিক বন্ধ হয়ে যাওয়া জুটমিল খুলতে হবে – এই দাবিকে সামনে রেখেই এদিন বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। সেই সঙ্গে তাদের সেই দাবি না মানা হলে পরবর্তীতে যে শ্রমিকেরা বৃহত্তর আন্দোলের পথে হাঁটবেন সেই হুঁশিয়ারিই দিলেন গার্গী। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন ” আমরা মনে করছি বিজেপি (BJP) ও টিএমসি (TMC) সরকারের নীতির কারণে মিলগুলো বন্ধ হয়ে রয়েছে।” সেই সঙ্গে DLC দপ্তরকে খেলা-মেলার দপ্তর বলেও কটাক্ষ করেন তিনি।
চলছে রমজান মাস। তাই মোট ২১ টি শ্রমিক সংগঠনের তরফে এদিন ডিএলসি বা যুগ্ম শ্রম মহাধ্যক্ষের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হলেও এদিনের কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরেছিলেন BCMU, NUJW,FCMU,BJMWU,BPCMU,BCMF,RCMU,JTWU,AIJTWF – এই মোট ৯ টি সংগঠনের প্রতিনিধিরা। আর সেই স্মারকলিপিতে জুটমিল বন্ধ কিংবা একাধিক মিলে কর্মী ছাঁটাইয়ের মতো দিক যেমন তুলে ধরা হয়েছে তেমনি জুট প্যাকেজিং মেটেরিয়াল আইন যথাযথভাবে না মানার অভিযোগও তোলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের বিরুদ্ধে। সবমিলিয়ে কর্মহীন শ্রমিকরা যাতে আবারো কাজে ফিরতে পারেন সেই দাবিতেই এদিন ফের পথে শ্রমিক সংগঠন। বিক্ষোভ – মিছিল – ডেপুটেশনের পর কি খুলবে বন্ধ জুটমিলের দরজা ? স্বস্তির হাসি ফিরবে শ্রমিকদের মুখে ? নাকি খিদে পেটে রাস্তায় বসতে হবে তাদের ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *