খেলা

আজ থেকে শুরু আইএসএল,উদ্বোধনী ম্যাচে মোহনবাগানের সাথে মুখোমুখি কেরল ব্লাস্টার্স

সব জল্পনার অবসান। আজ থেকে শুরু হচ্ছে আইএসএল (ISL)। যুবভারতীতে প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স। মহাযুদ্ধের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে প্রেম দিবসের দিনেই (Valentine`s Day) শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগ বা আইএসএল (Indian Super League)। উল্লেখ্য,এই মরশুমে আইএসএল (ISL) নিয়েই দীর্ঘ জল্পনা চলছিলো। সব টানাপোড়েন কাটিয়ে শনিবার থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ তিন বারের রানার্স আপ কেরল ব্লাস্টার্স (Mohun Bagan vs Kerala Blasters)। কোচ সার্জিও লোবেরার সবুজ-মেরুন ব্রিগেডের পারফরমেন্সের দিকে তাকিয়ে সবুজ-মেরুন সমর্থকেরা। তবে বাগান তরফে ফরোয়ার্ড দিমিত্রি জানান , দল অনেক বেশী আত্মবিশ্বাসী হয়েছে এই কোচের তত্বাবধানে। মোট ১৪টি দল অংশ নেবে আইএসএলে। তারা হল- মোহনবাগান, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, চেন্নাইয়িন এফসি, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং ওডিশা এফসি, জামশেদপুর এফসি। ঘরের মাঠে যুবভারতী স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। অন্যদিকে ফতোদরায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এফসি গোয়া এবং ইন্টার কাশি মুখোমুখি হতে চলেছে। আর সেই ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৭:৩০ থেকে। রাউন্ড রবিন ফরম্যাটে হবে টুর্নামেন্ট। আগামী ১৬ই ফেব্রুয়ারী ইস্টবেঙ্গলের খেলা রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ নর্থ ইস্ট। তবে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য প্রতীক্ষিত ম্যাচটি হতে চলেছে আগামী ৩রা মে অর্থাৎ ওইদিন মরশুমের প্রথম ডার্বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *