প্রার্থী বদলে ক্ষুব্ধ প্রাক্তন বিধায়ক, জ্বলছে আমডাঙ্গা
বাদ গিয়েছেন ৩ বারের বিধায়ক, প্রার্থী বদল হওয়ায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের অনুগামীদের, উত্তপ্ত আমডাঙ্গা

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল প্রার্থী বদলের দাবীতে উত্তপ্ত আমডাঙ্গা। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে পীরজাদা কাশেম সিদ্দিকীকে। বাদ গিয়েছেন ৩ বারের বিধায়ক রফিকুর রহমান। আর মঙ্গলবার তালিকা প্রকাশের পর থেকেই অসন্তোষের আগুন জ্বলছে তৃণমূল কর্মীদের মধ্যে। পরের দিন সকালে সেই ক্ষোভের আগুন আছড়ে পড়লো আমডাঙ্গা-কাঁকিনাড়া রোডে। রফিকুর রহমানকে প্রার্থী হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এদিন আমডাঙ্গা-কাঁকিনাড়া রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন রফিকুর অনুগামীরা। কর্মী-সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ আমডাঙ্গা-কাঁকিনাড়া রোডে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর তৃণমূল দলীয় কার্যালয়ে উপস্থিত হন বিদায়ী বিধায়ক রফিকুর রহমান সহ আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধানরা। তাদের প্রত্যেকেরই দাবী, ভূমিপুত্র রফিকুর রহমানকে পুনরায় বিধায়কের টিকিট দিতেই হবে। তা না হলে গণইস্তফার হুঁশিয়ারী দেন তারা। যদিও এ বিষয়ে বিদায়ী বিধায়ক রফিকুর রহমান কোনও মন্তব্য করতে চাননি। তবে প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান,দল সিদ্ধান্ত নিয়েছেন, এতে আমার কিছু বলার নেই। কিন্তু দত্তপুকুর সহ আমডাঙ্গার মানুষ এই সিদ্ধান্তে খুশি নয়। দলের উর্ধ্বে কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে আমি প্রচারে নামবো।
অন্যদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনে আমডাঙ্গায় প্রার্থী হিসেবে দল যে তার উপর ভরসা রেখেছে সেই সিদ্ধান্তের বিরোধিতায় বিদায়ী বিধায়ক রফিকুর রহমান সহ দলীয় কর্মী-সমর্থকদের এহেন বিরূপ প্রতিক্রিয়ার প্রশ্নে পীরজাদা কাশেম সিদ্দিকী জানান, উনি আমাদের বাড়িতে যান। ওনার বাড়ির সঙ্গে আমাদের পরিবারের আত্মীয়তা রয়েছে। ওনার পরামর্শ নিয়েই সব কিছু করা হবে।



