“মসিহা” তড়িতের বাড়িতে অর্জুন-রাজেশ
তড়িৎ তোপদারের বাড়িতে হাজির নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এবং জগদ্দলের ডঃ রাজেশ সিং
নিজস্ব সংবাদাতা : একদা তিনি ছিলেন বারাকপুর শিল্পাঞ্চলের “মসিহা”, জনশ্রুতি ছিলো তাঁর আমলে বাঘে গরুতে জল খেতো এক ঘাটে। ২০০৯এর পর রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে, তিনি এখন শুধুমাত্র একজন প্রাক্তন সাংসদ। বারাকপুরের রাজনীতিতে তিনি যে আজও প্রাসঙ্গিকতা হারান নি, বা তিনি যে আজও কৌটিল্যের ভূমিকা পালন করে আসছেন শিল্পাঞ্চলের রাজনীতিতে, সেটা বারবার প্রমান হয় যখন বিরোধী রাজনীতির প্রার্থীরাও রণকৌশল ঠিক করার আগে একবার তার দর্শনে যান। বারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তভ বাগ্চী আগেই সেরে নিয়েছেন তার দর্শন, আর এদিন দেখা গেলো সিপিআইএমের প্রাক্তন সাংসদ, প্রবীণ নেতা তড়িৎ বরণ তোপদারের বাড়িতে হাজির তৃণমূল-বিজেপির ডেইলি প্যাসেঞ্জার, চলতি ভোটে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এবং জগদ্দলের বিজেপি প্রার্থী ডঃ রাজেশ সিংকে।
উভয় পক্ষই এটাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে চালাতে চেষ্টা করলেও, রাজনৈতিক মহলের একাংশের অনুমান, ব্যারাকপুরে আবার ২০১৯ এর ছায়া পড়তে চলেছে, যেবার তৃণমূল ছাড়ার ক`য়েক দিনের ব্যাবধানে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে চমকে দিয়ে ছিলেন তড়িতের আশীর্বাদ ধন্য অর্জুন সিংহ।



