ভিডিও

ভোটের আগে নাকা চেকিং, বিপুল পরিমান নিষিদ্ধ মাদক উদ্ধার পানিহাটী থেকে, ধৃত ১

পানিহাটী ফেরী ঘাটে পুলিশ এবং আফগারি দপ্তরের যৌথ উদ্যোগে নাকা চেকিং চলাকালীন উদ্ধার প্রচুর নিষিদ্ধ মাদক, ধৃত ১

নিজস্ব সংবাদদাতা : খড়দহ থানার পুলিশ এবং আফগারি দপ্তরের যৌথ উদ্যোগে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমানে নিষিদ্ধ মাদক উদ্ধার হলো পানিহাটী ফেরী সার্ভিস ঘাটে। ভোটের আবহে এই মুহূর্তে রাজ্যে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি চূড়ান্ত নিরাপত্তা রক্ষার্থে তৎপর পুলিশ প্রশাসনের তরফে নাকা চেকিং চালানো হচ্ছে রাজ্যের সর্বত্র। সেই অনুযায়ী এদিন দুপুরে খড়দহ থানার পুলিশ এবং আফগারি দপ্তরের তরফে পানিহাটী ফেরি সার্ভিস ঘাটে নাকা চেকিং চালানো হচ্ছিলো। সেই সময়ে কোন্নগর থেকে লঞ্চে করে পানিহাটী ফেরী ঘাটে আসা ১ ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তার হাতে থাকা ২টি ব্যাগে তল্লাশী চালালে সেখান থেকে উদ্ধার হয় ৮ প্যাকেট নিষিদ্ধ মাদক। সে সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন SST ম্যাজিস্ট্রেট জয়দীপ দত্ত, খড়দহ থানার ASI দীপ সুব্বা, এক্সাইড ডিপার্টমেন্টের ASI মিলন পাল। SST ম্যাজিস্ট্রেট জয়দীপ দত্ত জানান, উদ্ধার হওয়া প্রায় ১২ কেজি ৪০০ গ্রাম ওজনের নিষিদ্ধ মাদকের মূল্য কয়েক লক্ষ টাকা। ওই বিপুল পরিমান নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। নিউ ব্যারাকপুরের বাসিন্দা ধৃত ব্যক্তির নাম মনোজিৎ শিকদার, বয়স ৪০ বছর।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই নিষিদ্ধ মাদক সে নিউ ব্যারাকপুর চড়কতলা মাঠে নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ACP ব্যারাকপুর টুটুল বিশ্বাস এবং খড়দহ থানার IC দেবাঞ্জন ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। ধৃত মনোজিৎ শিকদারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এতো পরিমান নিষিদ্ধ মাদক কোথা থেকে নিয়ে আসা হচ্ছিলো, কতদিন ধরে সে এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত রয়েছে, কোনো বড়োসড়ো পাচার চক্রের সাথে যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। দিনে-দুপুরে এহেন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পানিহাটী ফেরী ঘাট সংলগ্ন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *