আবারও সোদপুরে রাতের বিটি রোডে দুর্ঘটনা,বেপরোয়া বাইকের ধাক্কায় আশঙ্কাজনক ১ প্রৌঢ়
১ দিন পরেই আবারও মর্মান্তিক দুর্ঘটনা, এবার কাঠগড়ায় নিয়ন্ত্রণহীন দুরন্ত গতির বাইক। গুরুতর আহত ১ পথচারী। বিপদজনক হয়ে উঠেছে সোদপুরে রাতের বিটি রোড

নিজস্ব সংবাদদাতা : সোমবারের পর বুধবার, আবারও সোদপুরে রাতের বি টি রোডে মর্মান্তিক দুর্ঘটনা। এবার কাঠগড়ায় নিয়ন্ত্রণহীন দুরন্ত গতির বাইক। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গল কেমিক্যাল বাসস্ট্যান্ডে যেটি পানিহাটী বাসস্ট্যান্ড নামেও পরিচিত। জানা গেছে, এদিন রাতে দুরন্ত গতিতে বাইক চালিয়ে ব্যারাকপুরের দিক থেকে ডানলপের দিকে যাচ্ছিলো ২ বাইক আরোহী। বেঙ্গল কেমিক্যাল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই রাস্তা পারাপারকারী এক পথচারীকে সজোরে ধাক্কা মারে বাইকটি। বাইকের ধাক্কার অভিঘাতে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন বছর ৬০`র শ্যামল কুমার দে নামের ওই পথচারী। তিনি পানিহাটীর চাউল পট্টি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবী, পথচারীকে ধাক্কা মারার পরেই বাইক নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলেও কিছুটা দূরে গিয়ে বাইকটি ফেলে রেখে চম্পট দেয় বাইক আরোহীরা। কিন্তু পালিয়ে যাবার সময় বাইকের নম্বর প্লেটটি খুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানা এবং সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। রক্তাক্ত অবস্থায় আহত প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আটক করার পাশাপাশি ওই বাইক আরোহীদের খোঁজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসী সহ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। বেপরোয়া গতির দৌরাত্বে সোদপুরে রাতের বিটি রোডে দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহেই সোমবার রাতে বি টি রোডে পানিহাটী স্পোর্টিং মাঠের সামনে লরির সঙ্গে বরযাত্রী বোঝাই বাসের সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন বরযাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী বোঝাই বাসটিই দুরন্ত গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে লরিটিকে। সেই ঘটনার মাত্র একদিন পরেই আবারো বেপরোয়া গতির জেরে বি টি রোডে এহেন মর্মান্তিক দুর্ঘটনায় যেমন প্রশ্ন উঠছে প্রশাসনিক উদাসীনতা নিয়ে, সেই সঙ্গে বিটি রোড ব্যবহারকারী সাধারণ মানুষের সচেতনতার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা।



