নিজস্ব সংবাদদাতা : তিন দিনের সফরে রবিবার রাতেই কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সাথে কমিশনের ফুল বেঞ্চ। আর রবিবাসরীয় রাতে কলকাতা বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে শহরে পা রাখার পর থেকেই বারংবার বিক্ষোভের মুখে পড়ছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাতেই বিমানবন্দর থেকে নিউটাউনে পৌঁছনোর পথে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। দেখানো হয় কালো পতাকাও। তৃণমূল এবং সিপিআইএম উভয় দলের পক্ষ থেকেই বিক্ষোভ দেখান হয়। নিউটাউনে DYFI এবং SFI-এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানোয় পুলিশ আচমকাই ডিওয়াইএফই নেতা সপ্তর্ষি দেবকে গ্রেপ্তার করে। কর্মী-সমর্থকেরা তাকে বাঁচাতে গেলে পুলিশের সাথে তাদের তুমুল ধ্বস্তাধ্বস্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার রাজ্য প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আগে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। দেখা যায়, সেখানেও জ্ঞানেশ কুমারকে ঘিরে কালো পতাকা দেখানোর পাশাপাশি বিক্ষোভ দেখানো হয়। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগানও। সোমবার সকালে জ্ঞানেশ কুমারের সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়ালও। এদিন তাঁদের পৌঁছোনোর আগে থেকেই মন্দিরের সামনে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখছিলেন একদল মানুষ। মূলতঃ এসআইআরের (SIR) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।



