লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো ৯ বছরের বালক
মিষ্টি কিনতে বেরিয়ে রাস্তা ধরে কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ নিয়ে সরাসরি সামশেরগঞ্জ থানায় জমা দিলো ৯ বছরের শিশু। সততায় মুগ্ধ পুলিশ

নিজস্ব সংবাদদাতা : লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পাওয়ার পর সেই ব্যাগটি নিয়ে থানায় জমা দিলো এক বালক। এদিন এমনই দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী থাকলো সামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হিজলতলা এলাকার বাসিন্দা বছর ৯ বছরের মেহেদি হাসান মিষ্টি কিনতে বেরিয়ে ধুলিয়ানের গ্রীন সিটি পার্ক সংলগ্ন এলাকায় রাস্তার ধরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি খোলার পর সে দেখে, তার ভিতরে প্রচুর টাকা রয়েছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে সে ছুটে যায় সামসেরগঞ্জ থানায় এবং পুরো বিষয়টি পুলিশ কর্মীদের জানায়। আইসি সুব্রত ঘোষ দেখেন ব্যাগের ভিতরে রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার টাকার সঙ্গে একটি ব্যাঙ্কের পাসবইও। সেই পাস বইয়ের তথ্য দেখে ব্যাগের প্রকৃত মালিকের খোঁজ করে তাকে ফোন করে থানায় ডেকে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়,ব্যাগটির মালিক জাকির হোসেন,ফারাক্কার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। এদিন ১টি বেসরকারী ব্যাঙ্ক থেকে ওই টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে অসাবধানতাবশত তার ব্যাগটি পড়ে যায়। বিড়ি শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়ার জন্যই ওই টাকা তুলেছিলেন তিনি। পুলিশের উপস্থিতিতে ব্যাগটি সঠিক মালিকের হাতে তুলে দেওয়া হয়। শেষ পর্যন্ত নিজের হারানো টাকা ফেরত পেয়ে স্বস্তি নিঃস্বাস ফেলেন জাকির হোসেন। ৯ বছরের বালক এমন সততার পরিচয় দেওয়ায় সামশেরগঞ্জ থানার আইসি ভূয়সী প্রশংসা করে তাকে একটি চকোলেট উপহার দিয়ে অভিনন্দন জানান। পাশাপাশি এলাকাবাসীরাও এতটুকু বয়সে এহেন মানবিকতার পরিচয়কে সাধুবাদ জানিয়েছেন। খুদে মেহেদি হাসানের এই কাজ বিশেষত বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অনেক বড়দের কাছেও শিক্ষণীয় উদাহরণ হয়ে রইল।



