পশ্চিমবঙ্গ

ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু,মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই রণক্ষেত্র ধূপগুড়ি

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই বালি পাচারকারী ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু, স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্র ধূপগুড়ি

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। আর মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে ব্যস্ত ঠিক তখনই বেপরোয়া গতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো পাঁচ বছরের এক শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে(Dhupguri)। আর দুর্ঘটনার জেরে এক প্রথম শ্রেণীর পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গুরুত্বপূর্ন ধূপগুড়ি-জলপাইগুড়ি মহাসড়ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারী এড়িয়ে দিনরাত জলঢাকা নদী থেকে জেসিবি নামিয়ে অবাধে বালি লুট চলছে। সারিবদ্ধ ভাবে ডাম্পারে করে সেই বালি পাচারের সময়ই ঘটে এই দুর্ঘটনা। এদিন এই ঘটনার প্রতিবাদে এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে ব্যস্ত ধূপগুড়ি-জলপাইগুড়ি মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মহাসড়ক যানজট মুক্ত করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *