পানিহাটী রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগীর সোনার গয়না চুরি ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের
ইসিজি করার নামে রোগীর সোনার গয়না নিয়ে চম্পট দিল প্রতারক, চাঞ্চল্য পানিহাটী রাজ্য সাধারণ হাসপাতালে, আতঙ্কিত রোগী সহ পরিজনেরা,তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা : এবার পানিহাটী রাজ্য সাধারণ হাসপাতালে ( Panihati State General Hospital) রোগীর সোনার গয়না চুরি ! সরকারী হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রতারণার শিকার হলেন বৃদ্ধা রোগী, খোয়া গেলো রোগীর পরনে থাকা সোনার গয়না। ইসিজি করার নামে রোগীর সোনার গহনা নিয়ে চম্পট দিল প্রতারক(Fraud)। চাঞ্চল্যকর এই ঘটনায় সরকারী হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, এদিন বছর ৭৫ এর বৃদ্ধা রেনুমালা সাহা চিকিৎসা করাতে এসেছিলেন পানিহাটী হাসপাতালে। সেই সময় এক যুবক নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে বৃদ্ধাকে ইসিজি ও রক্ত পরীক্ষা করানোর জন্য নিয়ে যায়। এরপরেই ইসিজি করানোর সুযোগে তার পরনে থাকা সোনার গয়না খুলতে বলে। তার কথা অনুযায়ী বৃদ্ধা তার পরনে থাকা সোনার গয়না খুলে একটি ব্যাগে রেখে দেন। তারপর সেই ব্যাগটি ওই যুবক নিজের কাছে রেখে বৃদ্ধাকে ইসিজি ও রক্ত পরীক্ষা করতে একটি ঘরে নিয়ে যায়। প্রথমে কিছু বুঝতে না পারলেও কিছু সময় যাওয়ার পর সেই যুবকের খোঁজ না পাওয়ায় সন্দেহ হয় বৃদ্ধার। আতঙ্কিত অবস্থায় বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন তার সেই সোনার গহনার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে প্রতারক। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বৃদ্ধার পরিবারের মানুষজন। আসে ঘোলা থানার (Ghola Police Station) পুলিশও। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত চক্র এবং তার মূলপান্ডার বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। সরকারী হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রবীণ মানুষদের সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? প্রশ্ন তুলেছেন প্রতারিত রোগীর পরিজনেরা।
উল্লেখ্য, এর আগে সাগরদত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে (Sagore Dutta Medical College and Hospital) মৃতার গায়ে থাকা সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছিলো। আর এবার পানিহাটী রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগীর সোনার গয়না চুরি গেলো। পানিহাটী সহ সংলগ্ন একাধিক অঞ্চলের মানুষ এই হাসপাতালের উপর নির্ভর করেন। সেখানে চিকিৎসা করাতে এসে এইভাবে প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্ব খোয়াতে হচ্ছে রোগীদের। প্রশ্ন উঠেছে সরকারী হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এই ঘটনা জানতে পেরে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন পানিহাটীর (Panihati) বিধায়ক (MLA) তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল ঘোষ (Nirmal Ghosh)।



