সক্রিয় ঘূর্ণাবর্ত, ফের কি তবে নিম্নচাপের ভ্রুকুটি ?
আগামী ৭ দিনের পূর্বাভাস অনুযায়ী , আপাতত রাজ্যে উল্লেখযোগ্যভাবে আবহাওয়ার পরিবর্তন না হলেও দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের সম্ভবনা।
সক্রিয় ঘূর্ণাবর্ত, ফের কি তবে নিম্নচাপের ভ্রুকুটি ? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর একটি নিম্নচাপ এলাকা গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের মধ্যে রেকর্ড ঠান্ডা পড়েছে কল্যাণী-তে, যেখানে পারদ নামে ১২ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তরবঙ্গে কোচবিহার-এ সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে দার্জিলিং-এ তাপমাত্রা নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সকালে দার্জিলিংয়ে হালকা কুয়াশা লক্ষ করা গিয়েছে।
অন্যদিকে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭ দিনের পূর্বাভাস অনুযায়ী , আপাতত রাজ্যে উল্লেখযোগ্যভাবে আবহাওয়ার পরিবর্তন না হলেও দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপের সম্ভবনা। সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
তবে আগামী ২ দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার এক-দু’টি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আগামী ৭ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।



