ভোটমুখী বঙ্গে অস্ত্রের আধিক্য ! ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ !
এদিন সকাল থেকেই হাবিবুরের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছিলেন উর্দিধারীরা। এরপর রাতের বেলা আইএসএফ কর্মী নিজের বাড়িতে ঢুকতেই হানা দেয় পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় উদ্ধার হয় তিনটি দেশি বন্দুক এবং দুটি কার্তুজ। পুলিশ সূত্রে খবর, সেই অস্ত্র মজুতের যথোপযুক্ত কারণ দর্শাতে বা সেই অস্ত্রগুলির উৎস সম্পর্কিত কোনো বৈধ নথি দেখাতে পারেননি হাবিবুর।
৭এ নিউজ ডেস্ক : ভোটের আবহে আইএসএফ (ISF) কর্মীর বাড়ি থেকে উদ্ধার ৩ টি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ।কি কারণে বাড়িতে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র ছিল, সেই সঙ্গে কোথা থেকেই বা সেই অস্ত্রগুলি এসেছিলো এ হেন একাধিক প্রশ্নের উত্তের সন্ধানে হাবিবুর রহমান মোল্লা নামের ওই আইএসএফ কর্মীকে আটক করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটির সাক্ষী ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকের অন্তর্গত ভোগালী ১ নম্বর অঞ্চলের রঘুনাথপুর খালপাড় এলাকা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সকাল থেকেই হাবিবুরের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছিলেন উর্দিধারীরা। এরপর রাতের বেলা আইএসএফ কর্মী নিজের বাড়িতে ঢুকতেই হানা দেয় পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় উদ্ধার হয় তিনটি দেশি বন্দুক এবং দুটি কার্তুজ। পুলিশ সূত্রে খবর, সেই অস্ত্র মজুতের যথোপযুক্ত কারণ দর্শাতে বা সেই অস্ত্রগুলির উৎস সম্পর্কিত কোনো বৈধ নথি দেখাতে পারেননি হাবিবুর। আর তাই তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া অস্ত্র এবং আটক করা হয়েছে আইএসএফ কর্মীকে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত অস্ত্র সরবরাহকারী হিসেবে কাজ করেন এবং তিনি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত থাকতে পারেন। অস্ত্রের উৎস সম্পর্কে কিছুই জানেননা – জানালেন আটক হওয়া কর্মীর পরিবারের সদস্যরা। অন্যদিকে ভোটের আবহে আইএসএফ কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের খবর চাউর হতেই সুর চড়িয়েছে তৃণমূল (TMC)। আসন্ন নির্বাচনে ভাঙড় কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার দাবি, ঘাসফুল শিবিরের কর্মীদের খুন করতেই মজুত করা হয়েছে অস্ত্রগুলি। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাছে আইএসএফ সুপ্রিমো নৌশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির আর্জিও জানিয়েছেন। অন্যদিকে আইএসএফের দাবি, এদিনের ঘটনার সঠিক তদন্ত হোক।
সবমিলিয়ে এদিনের অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ভোটের (Assembly Election) আবহে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ।প্রসঙ্গত এদিন কলকাতার স্ট্র্যান্ড রোডে এক বিহারি নাবালকের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ টি আগ্নেয়াস্ত্র এবং ৪০ টি কার্তুজ। কি কারণে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলো সেই বিষয়ে তথ্যতালাশ শুরু করেছে তদন্তকারীরা। ভোটমুখী বঙ্গে রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। বঙ্গের ভোটে তবে কি এবার সন্ত্রাসের ছবিটা আরও ভয়াবহ হতে চলেছে ? উত্তর মিলবে সময়ের গর্ভে।



