সাট্টা -জুয়ার বিরোধিতা করে সোদপুরে আক্রান্ত আইনজীবী
অভিযুক্ত অভিষেক চক্রবর্তী ওরফে বান্টু দীর্ঘ দিন ধরেই এলাকায় অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে স্থানীয় পৌরপিতা ও পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এবং খড়দহ বিধানসভার বিধায়ক, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ভাঙিয়ে,

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা : এবার এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলেন সোদপুরের রামকৃষ্ণপল্লি এলাকার বাসিন্দা এক আইনজীবী। অভিযোগ দীর্ঘদিন ধরেই পানিহাটী পৌরাঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়া বাজার সহ বিস্তীর্ন এলাকায় সাট্টা -জুয়া ইত্যাদির ঠেক চালাচ্ছিল অভিষেক চক্রবর্তী ওরফে বান্টু বলে এক যুবক। অভিযোগ ওই এলাকারই বাসিন্দা, পেশায় ব্যারাকপুর আদালতের আইনজীবী প্রণব আচার্য ঐ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এদিন অভিযুক্ত অভিষেক চক্রবর্তী ওরফে বান্টু নাকি তার দলবল নিয়ে চড়াও হয় প্রণববাবুর উপরে, তার বাড়ির কাছেই রাস্তায় ফেলে মারধর করার পাশাপাশি তাকে খুন করে দেবার হুমকিও দেয়া হয়। ঘটনার পরেই ঘোলা থানার দ্বারস্থ হয়েছেন প্রণব আচার্য। পুলিশের কাছে অভিষেক চক্রবর্তী ওরফে বান্টুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেবার পর প্রণববাবু জানালেন, অভিযুক্ত অভিষেক চক্রবর্তী ওরফে বান্টু দীর্ঘ দিন ধরেই এলাকায় অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে স্থানীয় পৌরপিতা ও পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এবং খড়দহ বিধানসভার বিধায়ক, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ভাঙিয়ে, এর আগেও বিভিন্ন সময়ে অভিযুক্তর নাম থানায় অভিযোগ করলেও, পুলিশ নীরব থেকেছে । অভিযুক্ত অভিষেক চক্রবর্তী ওরফে বান্টু র সাথে যোগাযোগ করা না গেলেও, যার সাথে ঘনিষ্ঠতায় তার এই বাড়বাড়ন্ত বলে অভিযোগ সেই পানিহাটি পৌরসভার উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী অভিযুক্তের সাথে তাঁর ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে জানালেন, “এ বিষয়ে তার কিছু জানা নেই”। এখন দেখার এটাই, একজন আইনজীবীকে খুনের হুমকী দেবার অভিযোগ দায়ের হবার পরে পুলিশ কি ব্যবস্থা নেয় রাজনৈতিক মদতপুষ্ট অভিযুক্তের বিরুদ্ধে।



