ভাঙড়ে রাস্তার মেরামতি চলাকালীন কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, আশঙ্কাজনক ৪ শিশু
রাস্তার মেরামতির কাজ চলাকালীন কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, আশঙ্কাজনক ৪ শিশু, চাঞ্চল্য ভাঙড়ে
পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন হঠাৎই কেমিক্যাল ভর্তি একটি ড্রাম বিস্ফোরণ(Blast)। ঘটনায় গুরুতর আহত ৪ নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pgs) ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পিচ রাস্তা মেরামতির জন্য রাস্তার ধারে কেমিক্যাল (Chemical) ভর্তি ড্রাম রাখা ছিল। আচমকাই সেই ড্রামটিতে বিস্ফোরণ (Blast) ঘটে। আর বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পাশের একটি দোকানে আগুন ধরে যায়। পাশাপাশি সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারজন নাবালকও আগুনের কবলে পড়ে যায়। মারাত্মকভাবে জখম হয় তারা। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি আহত নাবালকদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার (Kolkata) বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজনের চিকিৎসা নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতংক ছড়িয়ে পড়ে ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ, ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাও। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করবেন। আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিধায়ক শওকত মোল্লা জানান, জেলা পরিষদের কোটায় রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশে রাখা কেমিক্যাল ভর্তি ড্রামটি কোনওভাবে ছিদ্র হয়ে যায়। সম্ভবত সেখানে বিড়ির আগুন পড়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।



