নির্বাচনের মুখে ২৬টি তাজা বোমা উদ্ধার ভাঙড়ে
ভাঙড়ে ফের বোমা উদ্ধার, গভীর রাতে কৃষ্ণমাটি এলাকা থেকে মিললো ২৬টি তাজা বোমা, শুরু রাজনৈতিক চাপানউতোর
নির্বাচনের আগেও উত্তেজনা অব্যাহত ভাঙড়ে। গভীর রাতে আবারও প্রচুর বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত কৃষ্ণমাটি এলাকা থেকে উদ্ধার হলো ২৬টি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভাঙড় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়। অত্যন্ত স্পর্শ কাতর এলাকা বলে পরিচিত ভাঙড়ে রাজনৈতিক অশান্তির ঘটনায় প্রায় প্রতিদিনই উঠে আসে খবরের শিরোনামে। সেই পরিস্থিতির মধ্যে একবারে নির্বাচনের মুখে এতগুলি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করেও রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর মদতেই এধরনের কার্যকলাপ চলছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে তিন লক্ষ টাকা করে দিয়ে বোমা মজুত করা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। কে বা কারা, কি উদ্দেশ্যে ওই এলাকায় এতো পরিমানে বোমা মজুত করলো তার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ



