শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি,উত্তপ্ত ভাঙড়
রাতের অন্ধকারে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগে উত্তপ্ত ভাঙড়
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ। জানা গেছে, এদিন রাতে ভাঙড়ের পোলেরহাট থানার ঢিল ছোড়া দূরত্বে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়,সেইসঙ্গে গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং রেফ। রাতের অন্ধকারেই তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় পোলারহাট থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তাঁর উপর এই হামলা চালানো হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইএসএফ-এর দুষ্কৃতিকারীরাই ঘটিয়েছে এমন ঘটনা। যদিও আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।



