রাস্তায় ভ্যান রাখা নিয়ে গণ্ডগোল,মধ্যমগ্রামে খুন ইটভাটার শ্রমিক,গ্রেপ্তার ২
মদ্যপ অবস্থায় ভ্যান রাখা নিয়ে গণ্ডগোল,মধ্যমগ্রামে সহকর্মীদের হাতে খুন ইটভাটার শ্রমিক,গ্রেপ্তার ২
নিজস্ব সংবাদদাতা : রাস্তায় ভ্যান রাখা নিয়ে গণ্ডগোলের জেরে খুন মধ্যমগ্রামের (Madhyamgram) ইটভাটার এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার রোহোন্ডা এলাকায়। নিহত শ্রমিকের নাম সিন্টু রাজবংশী(২৩)। খুনের ঘটনায় ওই ইটভাটারই দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রঞ্জিত মাঝি এবং শংকর রাজবংশী।
পুলিশ সূত্রে জানা গেছে,মধ্যমগ্রামের (Madhyamgram) চন্ডিগড়-রোহোন্ডা গ্রাম পঞ্চায়েতের উত্তর জোজোরা এলাকায় একটি ইটভাটা রয়েছে। সেখানে গত চার বছর ধরে শ্রমিকের কাজ করেন সিন্টু রাজবংশী,রঞ্জিত মাঝি,শংকর রাজবংশী। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের গয়া জেলায়। রবিবার ছিলো শ্রমিকদের হপ্তার দিন। শিবরাত্রির দিন হপ্তার টাকায় ওই তিনজন সহ অন্যান্য শ্রমিকরা মদ্যপান করেন। মদ্যপ অবস্থায় ইটভাটায় একটি ভ্যান রাখা নিয়ে শ্রমিকদের মধ্যে বচসা শুরু হয়,পড়ে তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অশান্তি চলাকালীন রঞ্জিত ও শংকররা সবজি কাটার ছুরি দিয়ে সিন্টুর পেটে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিন্টু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর জোজরা গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
বারাসতের (Barasat) অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, ইটভাটা শ্রমিক খুনে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৩(১),১১৮(২),৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।


