নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরের দিন অর্থাৎ আগামী ১ মার্চ থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কোথায় কত বাহিনী থাকবে,তাদের রুটম্যাপ কিহবে সে বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (Legislative Assembly) হলেও এখনও নির্ঘন্ট ঘোষণা হয়নি। আর কমিশনের (Election Commission) ঘোষণা অনুযায়ী আগামী ২৮শে ফেব্রুয়ারী রাজ্যে চলা SIR প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
কমিশনের তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। ঘটনাচক্রে SIR চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরের দিন অর্থাৎ আগামী ১ মার্চ থেকেই তা কার্যকর করা হবে। কোথায় কত বাহিনী থাকবে,তাদের রুটম্যাপ কি হবে সে বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে (State Government)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন করা হবে। ১ মার্চ প্রথম দফায় ২৪০ কোম্পানী পৌঁছবে। তার মধ্যে ১১০ কোম্পানী CRPF, ৫৫ কোম্পানী BSF, ২৭ কোম্পানী ITBP, ২৭ কোম্পানী SSB এবং ২১ কোম্পানী CISF। দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৮০ কোম্পানী মোতায়েন করা হবে। তার মধ্যে ১২০ কোম্পানী CRPF, ৬৫কোম্পানী BSF, ২০ কোম্পানী ITBP, ১৯ কোম্পানী SSB এবং ১৬ কোম্পানী CISF। সূত্র মারফত জানা গেছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল ৮ দফায়। সেক্ষত্রে ১১০০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিলো। তবে ২০২১-র তুলনায় এবার কম দফায় নির্বাচন সম্পন্ন করার পক্ষপাতী নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। তবে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।



