বেলঘরিয়ার রথতলায় পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন অভিনেতা অরিত্র বণিক, কেন ?
সোদপুর থেকে নিজের ব্যক্তিগত গাড়িতে সওয়ার হয়ে কাজে যাচ্ছিলেন অভিনেতা অরিত্র। রথতলা মোড়ে তাঁর গাড়িটি থামান ডানলপ ট্রাফিক গার্ডের এক পুলিশ। অভিনেতার দাবি, নির্বাচনের জন্য তাঁর গাড়িটি অধিগ্রহণ করতে চাওয়া হয়। তবে অরিত্র সটান জানিয়ে দেন কোনোভাবেই তাঁর ব্যক্তিগত গাড়ি তিনি ভোটের জন্য ছাড়তে পারবেন না।
নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক তৎপরতা। একদিকে যেমন প্রচারে ঝড় তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তেমনি চলছে পুলিশি ধরপাকড়। আর এর মধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোটের জন্য যানবাহন সংগ্রহের কাজ শুরু হয়েছে। আর সেই ইস্যুকে কেন্দ্র করেই বেলঘরিয়া (Belghoria) রথতলা মোড়ে এক ট্রাফিক গার্ড আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন অভিনেতা অরিত্র দত্ত বণিক( Aritra Dutta Banik)।
নিয়ম বলছে, নির্বাচনের কাজের জন্য প্রথমে সরকারি ও বাণিজ্যিক গাড়ি নেওয়া হবে। আর শেষ বিকল্প হিসেবে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়িগুলিকে। তবে এক নির্বাচনী আধিকারিকের বক্তব্য অনুযায়ী, প্রথম দুধরনের গাড়ি সম্পূর্ণভাবে নিয়ে নেওয়া হলে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে তা প্রভাব ফেলবে।আর তাই নির্দিষ্ট পরিমাণে ব্যক্তিগত গাড়িগুলিকেও ( বিশেষত এসইউভি গাড়ি ) ভোটের কাজে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, মূলত ২ টি পদ্ধতিতে যানবাহন অধিগ্রহণ করা হবে। এক, জেলার নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক টেন্ডার ডাকার মাধ্যমে গাড়ি সংগ্রহ করতে পারেন। আর দ্বিতীয় পদ্ধতিতে, ‘ওসি-ইলেকশন’-এর মাধ্যমে বিভিন্ন নাকা চেকপোস্টে আরটিও-র সহায়তায় সরাসরি গাড়ি অধিগ্রহণ করা হয়।সেক্ষেত্রে গাড়ির মালিক অথবা তিনি চালককে ( মালিক যদি উপস্থিত না থাকেন গাড়িতে সেই মুহূর্তে) রিকুইজিশন স্লিপ (Requisition Slip) দেন পুলিশ কর্মীরা। আর কোল্যাটেরাল হিসেবে গাড়ির লাইন্সেস জমা রাখেন তারা। আর এই পদ্ধতিতে যদি কারও ব্যক্তিগত গাড়ি তুলে নেওয়া হয় তবে সেই গাড়ি ফেরত পেতে উপযুক্ত কারণ দর্শাতে হবে গাড়ির মালিককে। এমনটাই জানিয়েছেন ওই নির্বাচনী আধিকারিক। মূলত জেলা নির্বাচনী আধিকারিক অথবা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গাড়ি ফেরত পেতে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট গাড়ির মালিক।
এদিন সোদপুর (Sodepur) থেকে নিজের ব্যক্তিগত গাড়িতে সওয়ার হয়ে কাজে যাচ্ছিলেন অভিনেতা অরিত্র। রথতলা মোড়ে তাঁর গাড়িটি থামান ডানলপ ট্রাফিক গার্ডের এক পুলিশ। অভিনেতার দাবি, নির্বাচনের জন্য তাঁর গাড়িটি অধিগ্রহণ করতে চাওয়া হয়। তবে অরিত্র সটান জানিয়ে দেন কোনোভাবেই তাঁর ব্যক্তিগত গাড়ি তিনি ভোটের জন্য ছাড়তে পারবেন না। ট্রাফিক আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা। ক্রমেই উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে পরস্পরের মধ্যে। চলে অভিযোগ – পাল্টা অভিযোগের পর্বও। আর সেই গোটা ঘটনার মুহূর্ত নিজেই ভিডিও করেছেন অরিত্র। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ট্রাফিক পুলিশের সঙ্গে বাদানুবাদ হচ্ছে তাঁর। সেই সঙ্গে কোনোভাবেই যে তিনি গাড়ি দিতে পারবেন না একথাই উর্দিধারীকে বারংবার জানাতে দেখা গিয়েছে তাঁকে। শেষমেশ সিগন্যাল খুলতেই গাড়ি নিয়ে বেরিয়ে যান অরিত্র। এবার এই ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

