রাজ্যে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাতিলের খাতায় ! ২০২৬’র ভোটে বদলাবে কি জয় – পরাজয়ের অঙ্ক?
সর্বমোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের জায়গা হয়েছে 'ডিলিটেড লিস্টে।' বিবেচনাধীন তালিকা থেকে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। সবমিলিয়ে কমিশনের হিসেব বলছে আসন্ন নির্বাচনে মোট ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
৭এ নিউজ ডেস্ক : ফের গভীর রাতে তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। অবশেষে এবার জেলাভিত্তিক বাদ পড়া ভোটারদের পরিসংখ্যান এলো সামনে। আর সেই তথ্য বলছে মোট ৬০ লক্ষের কিছু বেশি বিবেচনাধীন ভোটারদের মধ্যে রাজ্যে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আর বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন (Under Adjudication) থেকে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের ঠাঁই হয়েছে ‘ডিলিটেড’ লিস্টে। প্রসঙ্গত, গত ২৮ শে ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় এই জেলা থেকেই বাদ পড়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের ভোটারের নাম। সবমিলিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে আপাতত বাদ গিয়েছে ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জনের নাম। তবে নাম বাদ পড়ার হিসেবে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেই জেলা থেকে নাম বাদের সংখ্যাটা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ তে। অন্যদিকে মালদা (Malda) জেলাতেও কিন্তু ডিলিটেড ভোটারদের সংখ্যা নেহাত কম নয়। বিবেচনাধীন তালিকা প্রকাশের পর দেখা গেলো মোট ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম বাদ পড়েছে ওই জেলা থেকে।কলকাতা উত্তর( Kolkata Uttar) থেকে মোট ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জনের নাম গিয়েছে বাদের খাতায় আর কলকাতা দক্ষিণ (Kolkata Dakshin) থেকে সেই ডিলিটেডদের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জন। কমিশন জানিয়েছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য প্রকাশিত হয়ে গিয়েছে। তবে বাকি ২২ হাজার ১৬৩ জনের নথি নিষ্পত্তির কাজ শেষ হলেও সেগুলিতে ‘ই- স্বাক্ষর’ (E-Signature) করা হয়নি। তাই পরবর্তীতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সংখ্যাও যেমন বাড়তে পারে তেমনি বাদ পড়া ভোটারের সর্বমোট সংখ্যাতেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হবার আগে খাতায় কলমে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। এসআইআরের খসড়া তালিকা প্রস্তুতির সময় বাদ পড়ে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। তারপর ২৮ শে ফেব্রুয়ারি প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় সেই বাদের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। আর এদিন জেলাভিত্তিক নাম বাদের তালিকা সামনে আসতেই সেই বাদের তালিকা আরও লম্বা হলো। সর্বমোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের জায়গা হয়েছে ‘ডিলিটেড লিস্টে।’ বিবেচনাধীন তালিকা থেকে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। সবমিলিয়ে কমিশনের হিসেব বলছে আসন্ন নির্বাচনে মোট ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।আর এই সংযোজন ও বিয়োজনের সংখ্যাতত্ত্ব ২০২৬’র ভোটে কতটা প্রভাব ফেলে তার উত্তর মিলবে ৪ ঠা মে।



