এবার অগ্নিকান্ড হাওড়ায়, ভস্মীভূত ৩ টি বাড়ি, পুজোর ভোগের রান্না করতে গিয়েই কি বিপত্তি?
পুজোর ভোগ রান্না করতে গিয়ে ঘটলো অঘটন। দমকলের অনুমান অন্তত তাই বলছে। আর বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন ৩ জন। এদিন বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলিলিয়াস রোডে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ওই এলাকার বেশ কয়েকটি টালির চালের বাড়ি। দমকলের প্রায় ২ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
পুজোর ভোগ রান্না করতে গিয়ে ঘটলো অঘটন। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন ৩ জন। এদিন বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বেলিলিয়াস রোডে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ওই এলাকার বেশ কয়েকটি টালির চালের বাড়ি। দমকলের প্রায় ২ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
সূত্রের খবর, কিছুদিন আগেই পুড়ে যাওয়া ৩ টি বাড়ির মধ্যে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। আর সেই বাড়িতেই এদিন ছিল সত্যনারায়ণন পুজো। চলছিল পুজোর ভোগের আয়োজন। আর স্বাভাবিকভাবেই ব্যস্ততা ছিল বাড়ির লোকজনদের মধ্যে। এর মাঝে আচমকা ওই বাড়ি থেকে আগুনের শিখা বেরোতে দেখা যায়। নিমেষের মধ্যে ছড়াতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় অবশেষে বাগে আনা সম্ভব হয় আগুন। তবে সম্পূর্ণভাবে ঠেকানো যায়নি ক্ষয়ক্ষতি। আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে যায় ৩ টি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রায় লক্ষাধিক টাকার সম্পত্তিও নষ্ট হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের কারণে।
প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান, রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডার থেকেই গ্যাস লিক করেছে। আর সেই গ্যাস থেকেই আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের জেরে আহত ৩ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা খানিক গুরুতর হওয়ায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মুহূর্তের মধ্যে মাথার ছাদ হারিয়ে দিশেহারা ভস্মীভূত বাড়ির সদস্যরা।



