তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, নির্বাচনের আগে ঘর গোছাচ্ছে তৃণমূল
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়ে বিধায়ক হন দীপেন্দু। ২০২১ সালে তৃণমূল প্রার্থী না করায় পদ্ম শিবিরের যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে ফের নজরকাড়া ঘর ওয়াপসি তৃণমূলের।
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পালাবদল অব্যাহত। নির্বাচনের আগে নজরকাড়াভাবে ঘর গোছাচ্ছে তৃণমূল। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূলের সভাপতির উপস্থিতিতে গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এছাড়াও সিপিআইএম, আইএসএফ, বিজেপি,কংগ্রেস থেকেও বেশ কয়েকজন কর্মী এদিনই তৃণমূলে যোগদান করেন। তবে বিশেষ চমক ছিলো দীপেন্দু বিশ্বাসের যোগদান পর্ব। উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার বসিরহাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন প্রাক্তন ফুটবলার। সেই নির্বাচনে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের কাছে হেরে যান তিনি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ফের ওই আসনে তৃণমূল প্রার্থী হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য্যকে হারিয়ে প্রথমবার বিধায়ক হন দীপেন্দু। কিন্তু ২০২১ সালে ওই আসনে তৃণমূল চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় দলবদল করে বিজেপিতে যোগদান করেন তিনি। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের পুরোনো দলে ফিরলেন দীপেন্দু বিশ্বাস। ভোটের আগে বসিরহাটের মতো কেন্দ্রে এমন পালাবদল স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন যোগাবে শাসকদল তথা ঘাসফুল শিবিরে,মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে,তাতে নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব পড়বে তা দেখতে অপেক্ষা করতে হবে জনতা জনার্দনের রায় ঘোষণা পর্যন্ত।



