আবারও গাঁজা পাচারে ওড়িশা যোগ, মথুরাপুরে ৪ গ্রেফতার
মন্দিরবাজার এলাকায় আগে থেকেই গাঁজা পাচার চক্র সক্রিয় থাকার খবর ছিল। তারা কোন রুট ব্যবহার করে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ-এ গাঁজা আনত, সেই সূত্র ধরেই তদন্তে নেমে সাফল্য পেয়েছে মথুরাপুর থানার পুলিশ।
আবারও মিলল আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের হদিশ । এই রাজ্যে গাঁজা পাচারে পড়শি রাজ্য ওড়িশা-র নাম বারবার উঠে এসেছে। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার পুলিশের অভিযানে বড় সাফল্য মিলল। গোপন সূত্রে খবর পেয়ে মথুরাপুর স্টেশন চত্বরে রাজাপুর এলাকায় হানাদেয় পুলিশ। সেখান থেকে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের ২ জনের বাড়ি ওড়িশায় বাকি ২ জনের বাড়ি মন্দিরবাজার এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় ২৪ কেজি গাঁজা নগদ প্রায় ১ লক্ষ টাকা এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে এবং এই চক্র কীভাবে কাজ করত এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, মন্দিরবাজার এলাকায় আগে থেকেই গাঁজা পাচার চক্র সক্রিয় থাকার খবর ছিল। তারা কোন রুট ব্যবহার করে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ-এ গাঁজা আনত, সেই সূত্র ধরেই তদন্তে নেমে সাফল্য পেয়েছে মথুরাপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গাঁজা পাচার চক্র রুখতে অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।



