ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা: লরির সঙ্গে বাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু
শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি ১০ চাকার লরির পেছনে তাঁদের বাইকটি সজোরে ধাক্কা মারে। বাইকের গতি এতটাই বেশি ছিল যে বাইকের সামনের অংশ লরির নিচে ঢুকে যায় এবং দু’জনই রাস্তায় ছিটকে পড়েন।
মর্মান্তিক পথ দুর্ঘটনা ধুপগুড়িতে। ধুপগুড়ি মহকুমার শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় একটি ১০ চাকার লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বছর ২১ এর যুবকের, গুরুতর আহত আরও ১। খোলাই গ্রাম এলাকার বাসিন্দা মৃত নাসিরুল ইসলাম ও আহত মোস্তাকিন প্রতিদিনের মতো এদিনও বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, শালবাড়ি ওভারব্রিজের কাছে একটি ১০ চাকার লরির পেছনে তাঁদের বাইকটি সজোরে ধাক্কা মারে। বাইকের গতি এতটাই বেশি ছিল যে বাইকের সামনের অংশ লরির নিচে ঢুকে যায় এবং দু’জনই রাস্তায় ছিটকে পড়েন।
রক্তাক্ত অবস্থায় তাঁদের পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকেরা দ্রুত উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা নাসিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত মোস্তাকিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। নাসিরুল ইসলামের এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



