উত্তর দমদমে ক্রমশ ঘরের মেয়ে হয়ে উঠছেন দীপ্সিতা, প্রার্থীর লড়াকু মেজাজে উৎসাহী কর্মীরাও
৪ঠা মে দীপ্সিতা হয়ত জিতবেন বা হারতেও পারেন, কিন্তু উত্তর দমদম দেখছে রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের নাটক "যে জানালাগুলোর আকাশ ছিল" র সেই ছোট্ট পাখীটার অদম্য লড়াই, যেটা অবশ্যই ইতিহাসে লেখা থাকবে।
৭এ নিউজ ডেস্ক : আকস্মিক দুর্ঘটনায় সদ্য প্রয়াত অভিনেতা (Actor), লেখক রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের (Rahul Banerjee) লেখা এবং অভিনীত নাটক “যে জানালাগুলোর আকাশ ছিল”তে একটি ছোট্ট পাখীর গল্প বলেছিলেন রাহুল, যে গল্পটিতে বলা হয়, একটি জঙ্গলে হঠাৎ করেই দাবানল লেগে যায়, সেই আগুনের হাত থেকে বাঁচতে বাঘ, সিংহ, হাতির মতো বড় বড় প্রাণীরা যখন পালিয়ে যাচ্ছে, সে সময়ে সেই ছোট্ট পাখিটিকে দেখা গেলো কাছের নদী থেকে সারা শরীর ভিজিয়ে এবং তার ছোট্ট ঠোঁটে যতটুকু জল ধরে ততটুকু নিয়ে সে বারংবার জঙ্গলে ফিরে যাচ্ছে, জল ছিটিয়ে আবার ফিরে যাচ্ছে নদীতে, আবার ভিজছে, জল নিচ্ছে আর জল ছেটাচ্ছে সেই বিশাল দাবানলে।সেই পাখিটিকে যখন অন্য বড় পশুরা ঠাট্টা করে বললো, “মূর্খ পাখী , অতটুকু জল ছিটিয়ে তুই দাবানল নেভাবি ভাবছিস?” পাখীটি উত্তরে বললো “হয়তো আমার ছেটানো সামান্য জলে আগুন নিভবে না, কিন্তু যেদিন এই ভয়ঙ্কর দাবানলের ইতিহাস রচনা হবে, সেদিন ইতিহাসে লেখা হবে, অন্য প্রাণীরা পালিয়ে গেলেও, আমি পালাই নি।
উত্তর দমদম বিধানসভা আসনে সিপিআইএম (CPIM) প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar) যেন “যে জানলাগুলোর আকাশ ছিল” নাটকের সেই পাখিটির চরিত্রের মতোই লড়াকু মেজাজ নিয়ে নেমেছেন ভোটের ময়দানে। তার কাছে “এ লড়াইয়ে জেতার কোন বিকল্প নেই”। আর প্রার্থীর সেই মনোভাব যেন ছড়িয়ে পড়েছে দলের কর্মী সমর্থক দরদীদের মধ্যেও। সবার শরীরের ভাষা বলছে “এ লড়াই জিততেই হবে”। আর দীপ্সিতা ? সে যেন এ ক`দিনে হয়ে উঠেছেন পাড়ার মেয়ে। অক্লান্ত প্রচারের পরেও কর্মী সমর্থকদের ছেড়ে যাচ্ছেন না, রাস্তার ধারে, সস্তা হোটেলের চেয়ারে বসে সবার সাথে ভাগ করে খিদে মেটাচ্ছেন অতি সাধারন চাউমিনে। আর চাউমিন খেতে খেতেই দীপ্সিতা জানালেন “যদি নির্বাচন কমিশন চায়, তাহলেই একমাত্র অবাধ ভোট সম্ভব, কারণ রাজ্যে বিজেপি (BJP) এবং তৃণমূলের (TMC) আঁতাত এখন সবার জানা বিষয়।”
৪ঠা মে দীপ্সিতা হয়ত জিতবেন বা হারতেও পারেন, কিন্তু উত্তর দমদম দেখছে রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের নাটক “যে জানালাগুলোর আকাশ ছিল” র সেই ছোট্ট পাখীটার অদম্য লড়াই, যেটা অবশ্যই ইতিহাসে লেখা থাকবে।



