উদ্বোধন হলো নবম পানিহাটী পুস্তক মেলা
সোদপুর অমরাবতী ময়দানে ১৩ থেকে ১৮ই মার্চ পর্যন্ত চলবে নবম পানিহাটী পুস্তক মেলা,উদ্বোধনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার
নিজস্ব সংবাদদাতা : সাড়ম্বরে উদ্বোধন হলো ৯ম পানিহাটী পুস্তক মেলা (Panihati Book Fair)। সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে অমরাবতী ময়দানে আয়োজিত পানিহাটী পুস্তক মেলায় মেলা বইয়ের পসরা নিয়ে হাজির হয়েছে প্রায় ৩০টি প্রকাশনা সংস্থা এবং ১৫ টি লিটিল ম্যাগাজিন। ১৩ মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত প্রত্যেক দিন সোদপুর অমরাবতী ময়দানে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত চলবে পানিহাটী পুস্তক মেলা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস (IAS) তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ (Rajyasabha Former MP) জহর সরকার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্কিম পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক শ্রী সাধন চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী দ্যুতিমান ব্যানার্জী, উৎসব কমিটির চেয়ারম্যান দুলাল চক্রবর্তী,যুগ্ম আহ্বায়ক শ্রী পরিমল সরকার, সাধারণ সম্পাদক শ্রী কৌশিক পাল সহ অন্যান্যরা। বিশিষ্ট অতিথি সহ সকলে মিলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে ৯ম পানিহাটী পুস্তক মেলার শুভ সূচনা করেন।
বইমেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গনের সাংস্কৃতিক মঞ্চে উদ্বোধনী সংগীত, সমবেত নৃত্য, আবৃত্তির উপস্থাপনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন অবসরপ্রাপ্ত আই এ এস জহর সরকার। ১৯৭৮ সালের বন্যার সময়ে এই অঞ্চলের মহকুমা শাসক থাকাকালীন সময়ের কথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে কলকাতা বইমেলার পাশাপাশি পানিহাটীতেও বইমেলার আয়োজন হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান তিনি। নবম পানিহাটী পুস্তক মেলার বিশেষ আকর্ষণ হিসেবে মেলার মাঠে উপস্থিত থাকছে বিখ্যাত সুলেখা ফাউন্টেন পেন এবং কালি যা বাংলার লেখনীর ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বইপ্রেমীদের কাছে এই স্টলটি যে বাড়তি আকর্ষণ যোগাবে তা বলাই বাহুল্য। মেলা প্রাঙ্গনে উপস্থিত বিভিন্ন স্টল ঘুরে বইপ্রেমীরা নিজেদের পছন্দের বই সংগ্রহের পাশাপাশি ছোটদের বিনোদনের জন্যও আলাদা ব্যবস্থা করেছেন আয়োজকরা।



