বিদায়ের পথে ঠান্ডা ,দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে পারদ তবে উত্তরবঙ্গে থাকবে কুয়াশা,
রাজ্যে এখনও পুরোপুরি বিদায় নেয়নি শীত। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ে ঠান্ডা যথেষ্ট অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলছে।
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এখনও শীতের হালকা আমেজ টিকে আছে। বুধবার সকালের তাপমাত্রার রিপোর্ট বলছে, উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই পারদের ওঠানামা স্পষ্ট। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪.০° সেলসিয়াসে। এই তাপমাত্রা রেকর্ড হয়েছে কল্যাণী, কাকদ্বীপ এবং পুরুলিয়া-তে।
অন্যদিকে কলকাতায় দিনের শুরু হয়েছে ১৭.৪° সেলসিয়াস দিয়ে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৩° সেলসিয়াস কম। ফলে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে শহরবাসীর।
উত্তরবঙ্গে বেশি শীত, পাহাড়ে পারদ ৬ ডিগ্রিতে
উত্তরবঙ্গের সমতল অঞ্চলে আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে কোচবিহার-এ—১২.০° সেলসিয়াস।
পাহাড়ি এলাকায় ঠান্ডার প্রকোপ আরও স্পষ্ট। দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬.০° সেলসিয়াসে। সকালে কিছু অংশে অগভীর কুয়াশা দেখা গেছে, যেখানে দৃশ্যমানতা ৫০০ থেকে ১০০০ মিটারের মধ্যে ছিল। ফলে ভোরের দিকে যান চলাচলে সামান্য অসুবিধা হতে পারে।
কুয়াশার সম্ভাবনা কোথায়?
আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার এক-দুটি এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৭ দিনের পূর্বাভাস
- সারা রাজ্যে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
- আপাতত কোনও ঝড়-বৃষ্টি বা আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।
- উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
- *ক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা প্রায় একই থাকবে।
- এরপর ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
- তারপর আবার তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
রাজ্যে এখনও পুরোপুরি বিদায় নেয়নি শীত। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ে ঠান্ডা যথেষ্ট অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলছে। আপাতত সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর—আগামী সপ্তাহে বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।



