ভোটের আগে পৌর পরিষেবা নিয়ে বিক্ষোভ,উত্তেজনা পানিহাটীতে
পানীয় জল ও বেহাল রাস্তার সমস্যার সমাধানের দাবীতে স্থানীয়দের বিক্ষোভ,কোনোদিনও খোঁজখবর নিতে আসেন না পানিহাটীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর,দাবী এলাকাবাসীর
নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের (Assembly Election 2026) আবহে আবারো বিক্ষোভের ঘটনা ঘটলো পানিহাটীতে (Panihati)। না এবার আর সাপ্লিমেন্টারী ভোটার তালিকায় নাম না ওঠা নিয়ে বিক্ষোভের ঘটনা নয়। একেবারে ভোটের মুখে পানীয় জল এবং বেহাল রাস্তার সমস্যার সমাধানের দাবীতে এলাকার মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পানিহাটীর ১৫ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, একের পর এক ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের এলাকার সমস্যার কোনো সমাধান হয়না। বছরের পর বছর ধরে বেহাল অবস্থা পানিহাটীর ১৫ নম্বর ওয়ার্ডের শান্তিনগর প্রানকৃষ্ণ সাহা রোডের রাস্তাঘাটের।
শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছর ধরে এই ভগ্নপ্রায় রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা। এখানেই শেষ নয়, এই সমস্যার দোসর পানীয় জলের সমস্যাতেও জেরবার ওই এলাকার মানুষজন। তাদের অভিযোগ, এলাকায় বসবাসকারী কুড়িটি পরিবারের প্রত্যেক পরিবার দীর্ঘদিন ধরে পৌর পরিষেবা থেকে বঞ্চিত। কোনোদিনও খোঁজখবর নিতে আসেন না পানিহাটীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা চক্রবর্তী। এমনকি পৌরপ্রধানকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। বাধ্য হয়ে এদিন সকালে পৌর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তিতিবিরক্ত এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দা দুলালী চক্রবর্তীর অভিযোগ,পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কাউন্সিলরের কাছে যাওয়ায় তিনি পৌরপ্রধানের কাছে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পৌরপ্রধানকে জানিয়েও কোনো সমাধান হয়নি। আর এক স্থানীয় বাসিন্দা তনুশ্রী সাহার দাবী, তাদের এলাকার কাউন্সিলর নিখোঁজ, শুধু ভোটের সময়ে ভোট চাইতে আসে, তখন দেখা যায় তাকে। আমাদের পাড়া আমাদের সমাধানেও তাদের এলাকায় কোনো সমাধান করা হয়নি। এরপরেই এই ঘটনার বিষয়ে কথা বলা হয়েছিলো পানিহাটীর পৌরপ্রধান সোমনাথ দে’র সাথে। ওই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান।



