বিজ্ঞানমনস্ক চেতনা গড়ে তোলার লক্ষ্যে,পরিবেশ ও বিজ্ঞান মেলার আয়োজন আগরপাড়ায়
জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে পরিবেশ চেতনার মঞ্চ,পানিহাটীর উদ্যোগে আগরপাড়ায় আয়োজিত হলো পরিবেশ ও বিজ্ঞান মেলা-২০২৬
সম্প্রতি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে পরিবেশ ও বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হলো আগরপাড়ায়। পানিহাটীর পরিবেশ চেতনার মঞ্চের উদ্যোগে আগরপাড়া বিবেকানন্দ বিদ্যামন্দির প্রাঙ্গনে দু’দিনব্যাপী আয়োজিত পরিবেশ ও বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী,পরিবেশবিদ সহ সাংস্কৃতিক বলয়ের বিশিষ্ট অতিথিবর্গ। বর্তমান পৃথিবী জুড়ে পরিবেশ ধ্বংস যেন এক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কর্পোরেট দৌরাত্ম্য ও পরিবেশবিরোধী নীতির প্রভাবে প্রকৃতি মারাত্মক সংকটে। আগামী দিনে সরকার ও সমাজ যদি সক্রিয় ভূমিকা না নেয়, তবে পরিবেশ রক্ষা কঠিন হয়ে পড়বে। পরিবেশ রক্ষার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ বলে জানান অনুষ্ঠানের আয়োজকেরা। ২ দিনের অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক সেমিনার, হিমালয় ও আরাবল্লী পর্বতমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পরিবেশ ও বিজ্ঞান সচেতনতার লক্ষ্যে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে তাৎক্ষণিক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি অঙ্কোলজিস্ট ডঃ শংকর কুমার নাথ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানের বাস্তব ধারণা তুলে ধরেন। আয়োজকদের মতে, শুধু বিজ্ঞান নিয়ে লেখাপড়া করলেই বিজ্ঞানমনস্ক হওয়া যায় না, কুসংস্কার বিরোধী বিজ্ঞানমনস্ক চেতনা গড়ে তোলাই এই মেলার প্রধান লক্ষ্য। প্রথমবারের এই বিজ্ঞান মেলায় স্কুল ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকদের উৎসাহ এবং আগ্রহও ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা আশা করছেন, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বৃহত্তর আকারে আয়োজন করা সম্ভব হবে।



