‘মূলচক্রী’ মোফাক্কেরুল গ্রেপ্তার, মালদা- অশান্তিতে কি TMC যোগ? প্রশ্ন সুকান্তের!
গোটা অশান্তির ঘটনার 'মূল পান্ডা' হিসেবে চিহ্নিত হন মোফাক্কেরুল। তার বিরুদ্ধে গতকালই গ্রেপ্তারি পরোয়ানাই জারি করে নির্বাচন কমিশন। এরপর আজ বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে সিআইডি। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
৭ এ নিউজ ডেস্ক : ভোটের উত্তাপ যতই বাড়ছে এসআইআর (SIR) বিতর্কও তত নিত্য নতুন মাত্রা পাচ্ছে। গতকাল মালদা (Malda) কান্ডে দিনভর সরগরম ছিল রাজ্য-রাজনীতি। আর আজ বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে মালদহের কালিয়াচকে অবরোধ- বিক্ষোভ এবং এসআইআরের কাজে নিযুক্ত সাত বিচারককে আটকে রাখার ঘটনায় মূলচক্রী হিসেবে চিহ্নিত মোফাক্কেরুল ইসলামকে। সেই সঙ্গে পাকড়াও করা হয়েছে মোফাক্কেরুলের এক সঙ্গীকেও।
প্রসঙ্গত, এদিন ভোটার তালিকায় নাম বাদ পড়ার প্রতিবাদে মালদহের মোথাবাড়ি, সুজাপুর সহ একাধিক জায়গা দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠে। আর তার মাঝেই গাড়ির বনেটে উঠে মোফাক্কেরুল ইসলামকে বক্তৃতা দিতে দেখা যায়। সেই ভাষণে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর এই গোটা অশান্তির ঘটনার ‘মূল পান্ডা’ হিসেবে চিহ্নিত হন মোফাক্কেরুল। তার বিরুদ্ধে গতকালই গ্রেপ্তারি পরোয়ানাই জারি করে নির্বাচন কমিশন। এরপর আজ বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে সিআইডি। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। আর এই মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূলের মাইনোরিটি মোর্চার প্রেসিডেন্টের কোনো যোগসূত্র ছিল কিনা সেবিষয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন বললেন তিনি এ কথা ? আসলে ধৃত মোফাক্কেরুল ইটাহারের বাসিন্দা। আর সুকান্ত বলেন ,” তৃণমূলের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টও ইটাহারের বাসিন্দা।সেই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত এই মোফাক্কেরুল আদতে কার হয়ে কাজ করে ?… দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা বা কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার।”
উল্লেখ্য, গতকাল রাতে অবশেষে সাত বিচারককে উদ্ধার করা সম্ভব হয়। তবে পুলিশ প্রশাসনকে সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Ganesh Kumar) তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। শেষমেশ এনআইয়ের (NIA) হাতে এদিনের অশান্তির ঘটনার ওপর তদন্তভার দেওয়া হয়। ইতিমধ্যেই মালদা – অশান্তির ঘটনায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে ১৯ টি মামলা। ভোটের আবহে মালদহের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



