পানিহাটীতে দলীয় কার্যালয়েই মুদি দোকান খুললেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার
পানিহাটীতে তৃনমুল কার্যালয়েই মুদি দোকান চালু প্রাক্তন কাউন্সিলারের, সরব তৃনমুল কর্মীরা,পদক্ষেপের আশ্বাস নেতৃত্বের
নিজস্ব সংবাদদাতা : রাতারাতি উধাও তৃনমুল কংগ্রেস (TMC) কার্যালয় এবং সেই দলীয় কার্যালয়ে আবার মুদিখানা দোকান চালু করেছে খোদ প্রাক্তন কাউন্সিলর। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পানিহাটীতে (Panihati)। আর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল (TMC) নেতৃত্ব। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটি হলো পানিহাটী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিনগরের তৃণমূল কংগ্রেস কার্যালয়। স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহা (Kajal Sinha) এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যালয়টি তৈরী করেছিলেন। এলাকার তৃণমূল কর্মীরা নিজেদের সাধ্যমত অর্থ দিয়ে এই কার্যালয়টি গড়ে তুলেছিল। কিন্তু এখন সেখানে গেলে দেখা যাবে উধাও হয়ে গিয়েছে সেই তৃণমূল কংগ্রেস (TMC) কার্যালয়টি যেখানে নিয়মিত আসা-যাওয়া ছিলো তৃণমূল নেতা-কর্মীদের এবং চলত দৈনন্দিনের রাজনৈতিক কার্যকলাপ। অভিযোগ,বর্তমানে সেই কার্যালয়টি দখল করে সেখানে মুদিখানার দোকান চালু করে দিয়েছে ১৫ নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলার তাপস সিনহা(Tapas Sinha) । যদিও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ওই প্রাক্তন কাউন্সিলার। তবে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দখল করে মুদিখানা দোকান চালু করার ঘটনায় প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ প্রকাশ করেছে ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই ঘটনা নিয়ে দলের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে দলীয় কার্যালয় নষ্ট না হওয়ার আশ্বাস দেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh) । ওই তৃণমূল কার্যালয়টি পানিহাটী (Panihati) পৌরসভার অন্তর্গত হলেও খড়দহ (Khardah) বিধানসভা এলাকার মধ্যে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay)। তিনিও এই ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



