এবার কি জল যন্ত্রনা থেকে মুক্তি পাবে সোদপুরের এইচবি টাউন এলাকা ?
বারংবার আবেদন জানিয়ে, একাধিকবার অবরোধ-বিক্ষোভ করেও হয়নি কোনো সুরাহা, এবার কি সোদপুর এইচবি টাউনের বাসিন্দাদের দীর্ঘদিনের জল যন্ত্রণার অবসান হবে ?
তবে কি এবার সোদপুরের এইচবি টাউনের বাসিন্দাদের দীর্ঘদিনের জল যন্ত্রণার অবসান হবে ? এমনই আশার আলো দেখা যাচ্ছে ওই এলাকায় প্রশাসনের তরফে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনায়। সোদপুরের এইচবি টাউনের জল যন্ত্রণার কথা সর্বজনবিদিত। স্থানীয় বাসিন্দাদের তরফে বারংবার আবেদন জানিয়ে, একাধিকবার অবরোধ-বিক্ষোভ করেও হয়নি কোনো সুরাহা। বছরের পর বছর ধরে জমা জলের যন্ত্রনা ভোগ করতে হচ্ছে পানিহাটী পৌরাঞ্চলের বর্ধিষ্ণু এলাকা বলে পরিচিত এইচবি টাউন এলাকার বাসিন্দাদের। বিশেষ করে সুশীল কৃষ্ণ গার্লস উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের হাঁটুজল পেরিয়ে স্কুলে যাতায়াত, এমনকি পরীক্ষার সময়েও চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। গত বর্ষাতেও ওই এলাকার জমা জলের সমস্যা সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক-অভিভাবিকাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন পৌরপ্রধান সোমনাথ দে। সে সময়ে জলন্ত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি। আর এবার এইচ বি টাউনের দীর্ঘদিনের জল যন্ত্রণার অবসান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারন, এদিন ১.২৫ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল রোডের শুভ উদ্বোধন হলো এই এলাকায়। আগামী দিনে এইচবি টাউনের বিজয়পুর এলাকায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে আরো চারটি রাস্তা নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সবকটি রাস্তাই পেপার ব্লক দিয়ে নির্মাণ করা হবে বলে জানান বিধায়ক নির্মল ঘোষ।



